MS Dhoni Retirement: ‘আমার নাম তালিকায় রেখো না…’, সিএসকের মালিকদের কী বলেছিলেন ধোনি?
Chennai Super Kings: ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন, ২ বার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, একাধিক রেকর্ড - সব কিছুই ধোনির নেতৃত্বে। তবে ইনিংস এভাবে শেষ হয় না। ১৫ আগস্ট ২০২০ সালে শেষ হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের কেরিয়ার। আজ, ১৭ নভেম্বর ২০২৬ শেষ হল সম্পূর্ণ ক্রিকেট কেরিয়ার।

কলকাতা: “ম্যায় পল দো পল কা শায়র হুঁ/পল দো পল মেরি কাহানি হ্যায়। পল দো পল মেরি হাস্তি হ্যায়/পল দো পল মেরি জাওয়ানি হ্যায়” – মুকেশের এই বিখ্যাত গানে ভিডিও পোস্ট করেই আজ থেকে সাড়ে ৬ বছর আগের কোনও এক স্বাধীনতা দিবসের সন্ধ্যেতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে এরপরেও ৫টি আইপিএল মরসুমে খেলতে দেখা গিয়েছে তাঁকে। ব্যাটিং হোক বা কিপিং বা ক্ষুরধার মস্তিষ্ক – চেন্নাইকে একাধিক ম্যাচ জিতিয়েছেন মাহি। তবে আজকের পর সবই অতীত।
আইপিএলের গত মরসুমে তাঁকে মাঠে না দেখতে পেয়ে চিন্তার এক অশনি সঙ্কেতে বারবার চিন্তামগ্ন হচ্ছিলেন সমর্থকরা। আদৌ ধোনি খেলবেন তো? আর তাঁকে ব্যাট হাতে খেলতে দেখা যাবে তো? কিন্তু তিনি মহেন্দ্র সিং ধোনি, তিনি কোনদিন আর স্বাভাবিক জীবনের এবিসিডি মেনে চলেছেন? তাই আইপিএল না খেললেও ধোনি নাকি আগে থেকেই দলের উপরমহলকে বলে রেখেছিলেন, তাঁকে দলে না রাখতে। এমন কথাই বললেন সিএসকে-র সহ মালিক রুপা গুরুনাথ। তিনি বলেন, “পরবর্তী মরসুমের জন্য আমরা যখন দল নিয়ে পরিকল্পনা করছিলাম, তখন ধোনি বলে ওর নামও যেন তালিকায় না রাখা হয়। এই সময়ে আমরা ভিডিও কলে ছিলাম এবং এটা শোনার পরেই ভিডিও কল কেটে যায়। আমি সঙ্গে সঙ্গে ধোনিকে ফোন করে বলি, তুমি আগামী মরসুম খেলবে না, এটা ইন্টারনেটেরও সহ্য হল না।”
From the heart of Mrs. Rupa Gurunath – Owner, Chennai Super Kings
Read More : https://t.co/AFjZ5yiuN4 https://t.co/Dncjo7kGDa
— Chennai Super Kings (@ChennaiIPL) November 17, 2026
আর কি অসম্ভব কাকতালীয় ঘটনা, যেদিন ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, সেই দিন ছিল আইপিএলে সিএসকে-র প্র্যাকটিস সেশন। সেখানে বসেই সেই অবসরের ভিডিও পোস্ট করেছিলেন ধোনি। কিন্তু এই অবসর নিয়ে যে এই মুহূর্তে সোশাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে, তা তো আদপে এতটা না হলেও চলত। কারণ, ধোনি নামক সূর্যের অস্ত যেতে যে আর বেশি দিন বাকি নেই, তা তো বাচ্চারাও জানত। কিন্তু এই দিন তো একদিন আসতই, এলও। আজীবনের জন্য ক্রিকেট ব্যাটটা তুলে রেখে দিলেন ধোনি।
বিগত কয়েক মরসুম ধরেই তাঁর পারফরম্যান্স নিয়ে লাগাতার ট্রোলিং হয়েছে ইন্টারনেট দুনিয়াতে। কিন্তু এটা তো সবাই মানবে, যে আইপিএল দুনিয়াতে চেন্নাইয়ের নাম উজ্জ্বল করার পিছনে প্রথম লোকটির নাম যদি হয় সুরেশ রায়না, দ্বিতীয় জন অতি অবশ্যই মাহি।
৫ বার আইপিএল চ্যাম্পিয়ন, ২ বার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, একাধিক রেকর্ড – সব কিছুই ধোনির নেতৃত্বে। তবে ইনিংস এভাবে শেষ হয় না। ১৫ আগস্ট ২০২০ সালে শেষ হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের কেরিয়ার। আজ, ১৭ নভেম্বর ২০২৬ শেষ হল সম্পূর্ণ ক্রিকেট কেরিয়ার। অস্তাচলে চলে গেলেন চেন্নাইয়ের হলুদতম সূর্য। এরপর মেন্টর হিসেবে তিনি চেন্নাই দলে থাকবেন ঠিকই, কিন্তু চেন্নাই বিপদে পড়লে মাঠের মধ্যে দলকে টেনে তুলবেন অন্য কেউ। আর মাহি? তিনি বরাবরের মতো থাকবেন অন্তরালেই।
