East Bengal FC: প্রাক্তন লাল-হলুদ কোচকে খুনের হুমকি সমাজমাধ্যমে, পুলিশের দারস্থ অস্কার ব্রুজো!
Oscar Bruzon: অস্কার আগেই কোনও এক 'মাস্টার'-এর নাম উল্লেখ করেছিলেন, সেই মাস্টার নাকি ক্লাবের কাজে হস্তক্ষেপ করতেন। মাস্টারই বলেছিলেন, শেষ ম্যাচে রেফারি ম্যানেজ করা আছে। এই নিয়ে বহু জলঘোলা হচ্ছে বিগত ২-৩ দিন ধরে।

কলকাতা : এ কী শুরু হয়েছে কলকাতা ফুটবল মহলে? যেদিন থেকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাদের প্রাক্তন কোচ অস্কার ব্রুজো, সেদিন থেকেই লাল-হলুদ সমর্থকদের চক্ষুশূল হয়ে গিয়েছেন তিনি। একের পর এক পোস্টে তাঁর বিরুদ্ধে নানা কথা বলা হয়েছে। গতকালই কোনও এক ‘মাস্টার’-কে উদ্দেশ্য করে কথা বলেছিলেন অস্কার। কিন্তু এবার যা হল, এ তো ভয়ঙ্কর! অস্কার ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হচ্ছে সমাজ মাধ্যমে।
এক্স হ্যান্ডলে একটি ৪টি স্ক্রিনশট পোস্ট করে অস্কার জানিয়েছেন, “আমার স্টাফ, আমার পরিবার ও আমি নিজে – আমরা দফায় দফায় হুমকিমূলক বার্তা পাচ্ছি। আমাদের সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি এখন আর মতবিরোধ বা কোনও সমালোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন হেনস্থার পর্যায়ে পৌঁছে গিয়েছে। উপযুক্ত প্রমাণ ছাড়া আমি এই কাণ্ডে জড়িত কারও নাম প্রকাশ্যে বলব না। সব প্রমাণ নিয়েই উপযুক্ত কর্তৃপক্ষকে সব জানানো হবে। ফুটবলে কখনওই এসব হুমকির স্থান থাকতে পারে না।”
My staff, my family and I are currently receiving dozens of threatening messages, including explicit threats to our lives.
This has gone far beyond football, criticism or disagreement. It is intimidation.
These threats are occurring amid the… pic.twitter.com/toC9v9k8TZ
— Oscar Bruzon (@obruzon) September 12, 2026
তবে কী রয়েছে সেই স্ক্রিনশটগুলিতে? ইনস্টাগ্রামে বেশ কিছু অ্যাকাউন্ট থেকে অস্কারকে মেসেজ করা হয়েছে। প্রায় সবগুলিই গালিগালাজে ভর্তি। এমনকি একটি অ্যাকাউন্ট থেকে অস্কারকে পরিবারসহ খুনের হুমকি অবধি দেওয়া হয়েছে। এরপরেই কলকাতা পুলিশ ও ভারতের স্পেনের এমব্যাসিকে ট্যাগ করেছেন প্রাক্তন লাল-হলুদ কোচ। এমনকি, অস্কার যেন আর কোনওদিন ভারতে না আসেন, এমন হুমকিও দেওয়া হয়েছে মেসেজ করে।
লাল-হলুদকে ২২ বছর পর জাতীয় পর্যায়ে কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করেছিলেন অস্কার। অস্কার আগেই কোনও এক ‘মাস্টার’-এর নাম উল্লেখ করেছিলেন, সেই মাস্টার নাকি ক্লাবের কাজে হস্তক্ষেপ করতেন। মাস্টারই বলেছিলেন, শেষ ম্যাচে রেফারি ম্যানেজ করা আছে। এই নিয়ে বহু জলঘোলা হচ্ছে বিগত ২-৩ দিন ধরে। এমনকি লাল-হলুদের শীর্ষকর্তা নিতুদা অর্থাৎ দেবব্রত সরকারও নাকি এসবে জড়িত আছেন। কিন্তু, অস্কার এই মুহূর্তে যে জিনিসগুলি শেয়ার করছেন ও তাঁকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, তাতে বিতর্ক বাড়ছে বই কমছে না।
