ISL : নির্বাচনের ফলপ্রকাশ, পিছিয়ে যেতে পারে কলকাতা ডার্বি!
প্রথম ২ ম্যাচ জিতলেও শেষ ৩ ম্যাচে দুই ড্র ও এক হারের সম্মুখীন হওয়ায় ইতিমধ্যেই লাল-হলুদ সমর্থকেরা কোচ বদলের দাবি তুলেছেন। কিন্তু দেবব্রত সরকার আগের দিনই বলেছিলেন কোচ বদলের ক্ষমতা তাঁদের হাতে নেই। ইমামিও কোচ বদলের পক্ষপাতী নয়।

কলকাতা : বারবার, লাগাতার এই দৃশ্য দেখেছে কলকাতা ময়দান। আবারও ফুটবলকেই বলির পাঁঠা হতে হচ্ছে। আইএসএলের যে ম্যাচ নিয়ে প্রতিবছর উত্তেজনা থাকে, ফুটবল সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করেন, সেই কলকাতা ডার্বি পিছিয়ে যাচ্ছে। এর আগেও ২০২৪ সালের ১৭ অগাস্ট সল্টলেক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ডুরান্ড কাপের ডার্বি। কিন্তু সেই সময়েই আর. জি. করের ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল। সেই কারণেই সুরক্ষার কারণবশত ১৭ তারিখের ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল একদম শেষ মুহূর্তে। ঘটনার প্রতিবাদে এক হয়ে গিয়েছিল কলকাতার তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান। তিন দলের সমর্থকরা একসঙ্গে প্রতিবাদ করেছিলেন যুবভারতীর সামনে। বিক্ষোভে সামিল হয়েছিলেন এআইএফএফ-এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবেও। এই বিক্ষোভের ঘটনা গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল। এরপর আবার প্রায় দুই বছর পর ডার্বি বাতিল হতে চলেছে কলকাতায়।
৩ মে কলকাতায় হওয়ার কথা আইএসএলের ডার্বি। কিন্তু গতকাল নির্বাচন কমিশন ঘোষণা করে, পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলপ্রকাশ ৪ মে। তাই কোনোভাবেই ভোটের ফলপ্রকাশের আগের দিন এরকম হাইভোল্টেজ ম্যাচ খেলার অনুমতি দেবে না প্রশাসন। এই মুহূর্তে দুটি রাস্তা খোলা ফেডারেশনের সামনে। এক, হয় মাঠ পরিবর্তন করে অন্য রাজ্যে খেলা করানো। দুই, ম্যাচ পিছিয়ে দেওয়া। নির্বাচনকে গুরুত্ব দিয়ে ডার্বির তারিখই পিছোতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, খুব সম্ভবত আইএসএলের ম্যাচ পিছিয়ে হবে ১৭ মে। এই বারের আইএসএল মোট ১৩ রাউন্ডের। তার মধ্যে ১১ রাউন্ডের ম্যাচে খেলার কথা ছিল এই দুই প্রতিদ্বন্দ্বীর। তবে যেহেতু ডার্বি পিছোনোর সম্ভাবনাই বেশি, তাই হয়ত একদম শেষ মুহূর্তে হতে পারে আইএসএলের ডার্বি। এবারের আইএসএল সূচি তৈরী করেছেন ক্লাবের প্রতিনিধিরা। সেই বিষয়েই এআইএফএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেছেন,”এই বারের সূচি ফেডারেশন তৈরী করার বদলে ক্লাবের প্রতিনিধিরাই তৈরী করেছে। ম্যাচের তারিখ পরিবর্তন নিয়ে ওরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” রাজ্যে এই বার ভোট ২ দফায়। ২৩ এপ্রিল হবে প্রথম দফা ও ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফা। ফলপ্রকাশ ৪ মে। এই ভোটপর্বেও খেলা রয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের। নির্বাচনের আগের দিনই ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। পুলিশি সমস্যা হলে এই ম্যাচের দিনও পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, বেঙ্গালুরুর বিরুদ্ধে গত ম্যাচেই ০-০ ড্র করেছে মোহনবাগান। ফলে এখনও আইএসএলে অপরাজিত সের্জিও লোবেরার ছেলেরা। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্র করে ১৩ পয়েন্ট নিয়ে মোহনবাগান এক নম্বরে। অন্যদিকে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে ইস্টবেঙ্গল। প্রথম ২ ম্যাচ জিতলেও শেষ ৩ ম্যাচে দুই ড্র ও এক হারের সম্মুখীন হওয়ায় ইতিমধ্যেই লাল-হলুদ সমর্থকেরা কোচ বদলের দাবি তুলেছেন। কিন্তু দেবব্রত সরকার আগের দিনই বলেছিলেন কোচ বদলের ক্ষমতা তাঁদের হাতে নেই। ইমামিও কোচ বদলের পক্ষপাতী নয়। তবে ডার্বি ম্যাচ এখনও অনেক দূরে। তার আগে ভাল ফল করলে এই কোচকেই মাথায় তুলে রাখবেন সমর্থকরা।
