AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026 : যুদ্ধের প্রভাব, ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান!

১১ জুন থেকে বিশ্বকাপ শুরু আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইরানের গ্ৰুপ লিগের ম্যাচগুলি আমেরিকার মাটিতে। গ্ৰুপ জি-তে মিশর, বেলজিয়াম ও নিউজিল্যান্ডের সঙ্গে একসঙ্গে রয়েছে ইরান দল। এক টেলিভিশন সাক্ষাৎকারে সেই দেশের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানিয়েছেন নিজের সিদ্ধান্ত।

FIFA World Cup 2026 : যুদ্ধের প্রভাব, ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 12, 2026 | 1:27 PM
Share

কলকাতা : নানা জল্পনার অবসান। গতকালই শোনা গিয়েছিল, ইরান হয়ত বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ নাও করতে পারে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে জানিয়েছিলেন, ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে ট্রাম্পের কোনও সমস্যা নেই। এবার এই মন্তব্যের পরেই ইরান জানিয়ে দিল নিজেদের সিদ্ধান্ত। আমেরিকায় গিয়ে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে না ইরান। এমনই সিদ্ধান্ত সেই দেশের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালির।

এক টেলিভিশন সাক্ষাৎকারে দোনিয়ামালি জানিয়েছেন,”আমেরিকা আমাদের নেতাকে হত্যা করেছে। ওদের আক্রমণে আমাদের দেশের শিশুরা নিরাপদ নয়। ওদের দেশে আমরা বিশ্বকাপ খেলতে যাব না।” এই প্রথম সরকারি তরফে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে কেউ মন্তব্য করলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতউল্লাহ খামেনেই দিন কয়েক আগেই আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান। তারপরেই মধ্যপ্রাচ্যে শুরু হয় যুদ্ধ। প্রতিদিন পরিস্থিতি অশান্ত হয়ে রয়েছে পশ্চিম এশিয়ায়। আর এই কারণেই ইরানকে আদৌ আমেরিকা নিজেদের দেশে বিশ্বকাপে খেলতে দেবে কি না, তাই নিয়ে সংশয় তৈরী হয়েছিল। কিন্তু গতকালই ইনফান্তিনো জানিয়েছিলেন, তিনি ট্রাম্পের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন ও ট্রাম্প তাঁকে বলেছেন, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। ইরান বিশ্বকাপে খেলতে এলে তাদেরকে যথাযথভাবেই স্বাগত জানানো হবে। কয়েকদিন আগেই ট্রাম্প বলেছিলেন,”যদি ইরান বিশ্বকাপ খেলে, তাহলে আমার কিছু এসে যায় না।”

১১ জুন থেকে বিশ্বকাপ শুরু আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইরানের গ্ৰুপ লিগের ম্যাচগুলি আমেরিকার মাটিতে। গ্ৰুপ জি-তে মিশর, বেলজিয়াম ও নিউজিল্যান্ডের সঙ্গে একসঙ্গে রয়েছে ইরান দল। ইনফান্তিনো এও বলেছিলেন,”বিশ্বকাপ এমন একটা টুর্নামেন্ট, যা সবাইকে একাত্ম করে দেয়। ট্রাম্পকে ধন্যবাদ, কারণ উনি ইরানকে স্বাগত জানাতে প্রস্তুত।” তবে আমেরিকার সমর্থন সত্ত্বেও যদি ইরান বিশ্বকাপে না খেলে, তাহলে বিরাট শাস্তির মুখে পড়তে হতে পারে ইরানকে।

Follow Us