AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup : ম্যাচ জিতলেই ইতিহাস, ব্যক্তিগত বিমানে মেক্সিকো রওনা ইরাকের !

১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল ইরাক। ৩১ মার্চের ম্যাচে জিতলে আবার ৪০ বছর পর বিশ্বকাপে খেলবে ইরাকের ফুটবল দল। সেই ম্যাচ জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী লাগল কোচ গ্রাহাম আর্নল্ডকে।

FIFA World Cup : ম্যাচ জিতলেই ইতিহাস, ব্যক্তিগত বিমানে মেক্সিকো রওনা ইরাকের !
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 15, 2026 | 8:03 PM
Share

কলকাতা : একদিকে ইরান যখন বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পেয়েও নাম তুলে নিয়েছে, সেখানেই ইরাক বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য এই যুদ্ধের আবহেও ছুটে যাচ্ছে সুদূর মেক্সিকো। দিন কয়েক আগেই ইরান বনাম আমেরিকা ও ইজরায়েলের জোটশক্তির যুদ্ধ চলাকালীন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানান, বিশ্বকাপ খেলতে আমেরিকা যাবেনা ইরান। তার আগের দিনই ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো জানিয়েছেন, আমেরিকা ইরানকে বিশ্বকাপে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। কিন্তু এবার এই যুদ্ধের আবহের মাঝে ইরাক জানাল, তারা বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ খেলতে মেক্সিকো যাচ্ছে। এই ম্যাচ জিতলে ৪০ বছর পর আবার বিশ্বকাপের মূলপর্বে খেলবে ইরাক।

মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের মাঝেও মেক্সিকো যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরাক দল। গত মাসেই একজন কুখ্যাত মাফিয়ার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল মেক্সিকো। গোটা দেশেই সংঘর্ষের আগুন ছড়িয়ে পড়ে। এসবের মধ্যেই বিশ্বকাপের ম্যাচ খেলতে যাচ্ছে ইরাক। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লে-অফ খেলবে ইরাক। অনিশ্চয়তার পর অবশেষে ইরাকের ফুটবল সংস্থা সেই দেশে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ মার্চ বলিভিয়া ও সুরিনাম ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে ইরাক। ইরাকের ফুটবল সংস্থার সভাপতি আদনান দিরজাল বলেছেন,”সপ্তাহের শেষে ইরাকের দল মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেবে। আমাদের দল ব্যক্তিগত বিমানে মেক্সিকো যাবে। সেই ব্যবস্থা আমরা করেছি। এমনকি যে যে ক্লাবে আমাদের জাতীয় খেলোয়াড়েরা খেলে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি ও তারা যাতে ঠিক সময় খেলোয়াড়দের ছেড়ে দেয়, সেই বিষয়ে কথা বলেছি।” যুদ্ধ চলার কারণে প্রস্তুতি নিতে পারেননি ইরাকের কোচ গ্রাহাম আর্নল্ড। ইতিমধ্যে তিনি নিজেই দুবাইতে আটকে রয়েছেন এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্য। এমতাবস্থায় মেক্সিকো গিয়ে ম্যাচের আগে প্রস্তুতি করার জন্য ফিফার সাহায্য চেয়েছে ইরাকের ফুটবল সংস্থা।

ইরাকের বিভিন্ন ফুটবলার নানা দেশে খেলার কারণে যোগ দিতে পারেননি আর্নল্ডের প্রস্তুতি শিবিরে। ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল ইরাক। ৩১ মার্চের ম্যাচে জিতলে আবার ৪০ বছর পর বিশ্বকাপে খেলবে ইরাকের ফুটবল দল। সেই ম্যাচ জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী লাগল কোচ গ্রাহাম আর্নল্ডকে। যদিও, ইরানের অবস্থা নিয়ে বেশ চিন্তিত ফিফা। ইরানের গ্রুপের কি অবস্থা, ইরানের বদলে কোন দলকে নেওয়া হবে – এসব নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি ফিফা। ফলে, গ্ৰুপে থাকা বাকি দলগুলি অর্থাৎ মিশর, বেলজিয়াম ও নিউজিল্যান্ড রয়েছে সংশয়ে। আদৌ ম্যাচ খেলা হবে না কি পয়েন্ট দেওয়া হবে, এই বিষয়ে জানায়নি ফিফা। কিন্তু এই যুদ্ধ আবহের মধ্যেই ইরাকের মেক্সিকো গমন নিঃসন্দেহে সাহস যোগাবে ফিফার বুকে।

Follow Us