ISL : অস্কারের তোপ কর্মকর্তাদের, পাল্টা সরব দেবব্রত!
ইস্টবেঙ্গলে কোচ বনাম কর্তা নতুন নয়। এর আগেও ইস্টবেঙ্গলে কোচ বনাম কর্তাদের সংঘাত দেখেছে ময়দান। এবার এই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এই বছর আইএসএলে সিঙ্গল লেগ ম্যাচ হবে। প্রতি দল অন্য দলের সঙ্গে একবার মুখোমুখি হবে। প্রতি দল মোট ম্যাচ খেলবে ১৩টি।

কলকাতা : অনেক নাটকের পর অবশেষে শুরু হয়েছে আইএসএল। শুরুতেই ২ ম্যাচ জিতে দারুন শুরু করেও পরের ২ ম্যাচে হোঁচট খেয়েছে ইস্টবেঙ্গল। তাদের প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের নৌকো তরতর করে এগোচ্ছে । ৪ ম্যাচের ৪টিতেই জিতে গ্ৰুপের শীর্ষে মোহনবাগান সুপারজায়েন্ট। জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হেরেছিল লাল-হলুদ। এফসি গোয়ার বিরুদ্ধে ড্র করেছে দল। শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। তবে তার আগেই প্রতিবছরের ন্যায় আবার কোচ বনাম দেবব্রত সরকার। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছেন ইস্টবেঙ্গলের হেডস্যার অস্কার ব্রুজো। তাঁকেই প্রত্যুত্তর দিলেন দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে অস্কার বলেন,”গতবছর আমি এখানে চতুর্থ ম্যাচের সময় এসেছিলাম ও প্রায় ৬ ম্যাচ পর আমরা প্রথম পয়েন্ট পেয়েছিলাম। কিন্তু এই বছর আমাদের ৪ ম্যাচে ৭ পয়েন্ট। শুরুটা ভাল করেছি আমরা। আমরা আরও উপরে যেতে চাই। সুপার সিক্স খেলতে চাই। তবে দলের মধ্যে কিছু লোক আছেন যাঁরা দলের উন্নতি চান না। ইচ্ছাকৃতভাবে দলকে বিভক্ত করে তোলেন। সমর্থকদের হতাশা নিয়ে ন্যারেটিভ ছড়ান। তবে আমি এসবকে আমল দিচ্ছি না।” পরপর ২ ম্যাচে পয়েন্ট নষ্ট করে নাম না করে ক্লাব কর্তাদেরই দায়ী করলেন অস্কার। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনা।
আজ সেই ঘটনার প্রত্যুত্তরে লাল-হলুদ দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন,”কোচ আজ আছে কাল নেই। সে পেশাদার। আমরা সেই বিষয়ে তেমন গুরুত্ব দিচ্ছি না। তবে ওঁর যদি নির্দিষ্ট কারও প্রতি অভিযোগ থাকে, সেটা বোর্ড মিটিংয়ে বলুক। সেই মতো ব্যবস্থা নেওয়া যাবে।” দেবব্রত এও বলেন,”অস্কারের উপর আমরা আস্থাশীল। ও ভাল ফল দিতে পারে। নিজের হাতে দল গড়েছে ও। কোম্পানি ওকে বাড়তি অর্থও দিয়েছে। কোচ কোচের মতো করে দলে সাফল্য আনবে।” বিশ্বজুড়ে অনেক সমর্থকই হতাশ হয়। সেদিকে মন না দিয়ে অস্কারকে নিজের কাজে মনোযোগ হতে বললেন দেবব্রত।
ইস্টবেঙ্গলে কোচ বনাম কর্তা নতুন নয়। এর আগেও ইস্টবেঙ্গলে কোচ বনাম কর্তাদের সংঘাত দেখেছে ময়দান। এবার এই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এই বছর আইএসএলে সিঙ্গল লেগ ম্যাচ হবে। প্রতি দল অন্য দলের সঙ্গে একবার মুখোমুখি হবে। মোট ম্যাচ খেলবে ১৩টি। সেখানে এক দল যদি পরপর দুটো ম্যাচ হোঁচট খায়, তাহলেই চাপ বাড়বে সেই দলের। প্রত্যেক বছরেই প্রতিযোগিতায় শোচনীয় ফল করে লাল-হলুদ। এই বছর হয়ত ভাগ্যের চাকা ঘুরবে, এমনই আশা সমর্থকদের।
