Manu Bhaker: মনু ভাকেরের নতুন ইনিংস, এবার নির্বাচনে লড়বেন অলিম্পিক পদকজয়ী তারকা শ্যুটার
Olympics Athletes: মনুর কথায়, প্রতিযোগিতার নিয়ম ঠিক করা, আর্থিক ও বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি, উন্নত প্রযুক্তি - এই সব গড়ে তোলাই তাঁর লক্ষ্য। কেরিয়ার শেষ হওয়ার পর খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও ভাবছেন মনু। অবসরের পর আর্থিক নিরাপত্তা ও নতুন পেশাতে প্রবেশের সুযোগ তৈরির জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণের পক্ষে তিনি।

নয়াদিল্লি: অলিম্পিকের মঞ্চে বহু সাফল্য পেয়েছেন তিনি। এবার শ্যুটিং প্রশাসনে নতুন দায়িত্ব নেওয়ার পথে একধাপ এগোলেন ভারতের তারকা শ্যুটার মনু ভাকের। ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের (ISSF) অ্যাথলিটস কমিটির ২০২৬-২০৩০ এর নির্বাচনে লড়তে চলেছেন দেশের এই ডবল অলিম্পিক পদকজয়ী। পিস্তল বিভাগে মনোনীত করা হয়েছে তাঁকে। এই বিভাগে ২টি নির্বাচনী পদের জন্য লড়াই করবেন মোট ১০ জন প্রার্থী।
মনুর ইস্তেহার-
১- নিজের পরিকল্পনা সম্পর্কে মনু জানিয়েছেন, আন্তর্জাতিক স্তরে প্রতিদ্বন্দ্বিতা করার সুবাদে একজন ক্রীড়াবিদ হিসেবে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন মনু। তাই খেলোয়াড়দের শুধুমাত্র প্রতিযোগিতাতে অংশগ্রহণকারী হিসেবে নয়, বরং খেলার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া উচিৎ বলে মত তাঁর।
২- একই সঙ্গে মানসিক স্বাস্থ্যের বিষয়টিকেও গুরুত্ব দিতে চান তিনি। তাঁর পরিবল্পনায় রয়েছে স্পোর্টস সাইকোলজির মাধ্যমে আরও উন্নত মানসিক সহায়তা দেওয়ার মতো বিষয়। পাশাপাশি এর প্রতিযোগিতাগুলিতে ক্রীড়াবিদদের জন্য Quiet Zone বা নিরিবিলি জায়গা তৈরি করতে চান তিনি।
৩- বিশ্বজুড়ে শ্যুটিং খেলাকে আরও জনপ্রিয় করে তুলতেও উদ্যোগী মনু। বিশেষ করে সোশাল মিডিয়া ব্যবহার করে নতুন প্রজন্মের কাছে এই খেলাকে পৌঁছে দিতে চান তিনি। তাঁর মতে, প্রযুক্তির সদ্ব্যবহার করলে খেলার প্রসার বাড়বে।
৪-এছাড়া প্রত্যেকবার অলিম্পিকে প্রযুক্তিগত নিয়মে পরিবর্তন করতে চান না তিনি। এতে খেলোয়াড়রা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারবেন ও প্রতিযোগিতায় নামার আগে আরও আত্মবিশ্বাসী থাকবেন। এমনকি খেলোয়াড়দের অভিযোগ জানানোর জন্য একটি নিরাপদ ও গোপনীয় ব্যবস্থা চালু করতে চান তিনি, যাতে কোনও সমস্যা হলে দ্রুত স্বচ্ছভাবে তার সমাধান করা হয়।
মনুর কথায়, প্রতিযোগিতার নিয়ম ঠিক করা, আর্থিক ও বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি, উন্নত প্রযুক্তি – এই সব গড়ে তোলাই তাঁর লক্ষ্য। কেরিয়ার শেষ হওয়ার পর খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়েও ভাবছেন মনু। অবসরের পর আর্থিক নিরাপত্তা ও নতুন পেশাতে প্রবেশের সুযোগ তৈরির জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণের পক্ষে তিনি। কাতারের দোহাতে ৩ থেকে ১৩ নভেম্বর অবধি অনুষ্ঠিত হচ্ছে ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপ রাইফেল, পিস্তল ও শটগান প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার দিনগুলির মধ্যেই আয়োজিত হবে এই কমিটির নির্বাচন। দুটি নির্বাচিত পদের জন্য ১০ জন প্রার্থীর মধ্যে লড়াইতে রয়েছেন মনু। অলিম্পিকের মঞ্চে দেশের হয়ে পদক জয়ের পর শ্যুটিং-এর প্রশাসনিক ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তিনি।
