
কলকাতা : পাকাপাকিভাবে ভারতীয় ক্রিকেটের প্রধান নির্বাচকের পদ থেকে সরে গেলেন অজিত আগরকর। তাঁর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপরেই তাঁর বিদায়ের পর সোশাল মিডিয়াতে আবেগঘন বার্তা দিয়েছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন, সেই বিষয়েই জানিয়েছেন গম্ভীর।
এক্স-এ গম্ভীর লিখেছেন, “প্রিয় অজিত ভাই, আপনার সঙ্গে কাজ করা খুব সম্মানের একটি বিষয়। ৩টি আইসিসি ট্রফিই আপনার দলের প্রতি সংকল্পের প্রমাণ। আমাকে বলতেই হবে, ইতিহাস আপনার প্রতি সর্বদা সময় থাকবে। সবকিছুর জন্য ধন্যবাদ। আগামী দিনের সব কাজের জন্য শুভেচ্ছা রইল।” গম্ভীর ও আগরকর দুজনে মিলেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জন্য, তাই তিনি মুখ খুললেন তাঁর প্রাক্তন সতীর্থের জন্য।
২০২৩ সালে জুলাইয়ে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন অজিত আগরকর। তাঁর চূড়ান্ত করা দলেই ভারতীয় দল ২০২৩ ওডিআই বিশ্বকাপের রানার্স হয়, ২০২৪ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়। ২০২৬ এশিয়ান গেমসে ক্রিকেটে সোনাও জেতে ভারত। ভারতের হয়ে প্রধান নির্বাচক রূপে একাধিক সাফল্য পেয়েছেন তিনি। তাঁর মেয়াদ শেষ হওয়ার পর বর্তমানে অন্তর্বর্তী প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা। এই কমিটিতে ওঝা ছাড়াও আছেন – আরপি সিং, শিবসুন্দর দাস ও অজয় রাত্রা।
আগরকরকে অতীত করে নতুন প্রধান নির্বাচক খোঁজার প্রক্রিয়া শুরু করেছে বিসিসিআই। আবেদনকারীকে অন্তত ৭টি টেস্ট বা ৩০টি প্রথম শ্রেণীর ম্যাচ, ১০টি ওডিআই ও ২০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করার অন্তত ৫ বছর আগে তাঁকে অবসর নিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ১৪ অক্টোবর। এবার দেখার, অজিত আগরকরের চেয়ারে এরপরে কাকে বসতে দেখা যায়।