India vs Brazil Preview: খাতায়-কলমে কয়েকশো গুণ এগিয়ে ব্রাজিল, তবুও অঘটনের স্বপ্ন দেখাচ্ছেন ভারতের এই ৪ ফুটবলার
Indian Football: দুই দলের মধ্যে অনেক তফাৎ। প্রযুক্তিতে, ট্রান্সফার মার্কেটে, ফুটবলের বিকাশে। কিন্তু তবুও আজ ভারতের ১১ জন যোদ্ধা সাহস দেখাবে বলে আশা করা যায়। আজ থেকে ১১৫ বছর আগে মোহনবাগান ক্লাব লড়েছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে। ২-১ গোলে জিতেছিলেন শিবদাস ভাদুড়ীরা। সেই ম্যাচের পরেই তো ভারতীয়রা স্বপ্ন দেখা শুরু করল, ফুটবল দিয়েও বাজিমাত করা যায়।

কলকাতা: হিসেবে মতো, আর ৮ ঘন্টাও বাকি নেই। তার মধ্যেই মাঠে নেমে পড়বে ব্রাজিল ও ভারত। কলকাতায় এই প্রথমবার পা ভিনিসিয়াস জুনিয়র। তাই এই ম্যাচ নিয়ে আলাদাই উত্তেজনা রয়েছে ফুটবলমহলে। সাংবাদিক সম্মেলনে যতই ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি ভারতকে সমীহ করুন না কেন, আসলে খাতায়-কলমে কিন্তু ব্রাজিল কয়েকশো গুণ এগিয়ে ব্রাজিল। তবুও, ফুটবল মানেই অপ্রত্যাশিত কিছু লড়াই। এই ভারতীয় দলে এমন কিছু ফুটবলার আছে, যাঁরা কিন্তু বেগ দিতে পারেন ব্রাজিলের এই রত্নখচিত দলকে।
গুরপ্রীত সিং সান্ধু – ভারতের জার্সিতে বহুবছর খেলছেন গুরপ্রীত। বহু ম্যাচে গোলের নিচে দায়িত্ব সামলিয়েছেন তিনি, তবে ব্রাজিল ম্যাচ এই প্রথম। আজ তাঁর প্রধান কাজ হবে ভিনি, এন্দ্রিকদের আক্রমণকে আটকানো। বহু ম্যাচ খেলার ফলে অভিজ্ঞতাও আছে তাঁর তাই আজ ভারতের ক্লিনশিট রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন বেঙ্গালুরু এফসির এই গোলকিপার।
আনোয়ার আলি – ক্লাব হোক বা দেশ, বেশ কয়েক বছর ধরেই ডিফেন্সের প্রধান চাবিকাঠি রয়েছে তাঁর কাছে। তাঁর মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে যাওয়ার ফলে সমর্থকরা যতই তাঁকে নিয়ে বিতর্ক সৃষ্টি করুন না কেন, আনোয়ার প্রত্যেকদিন নিজের খেলায় উন্নতি করবেন। পানামা ম্যাচেও আমরা দেখেছি পানামার ফুটবলারদের বেশ কিছু আক্রমণ আটকে দিয়েছে আনোয়ার ও বিজয় ভার্গিসের জুটি। আশা করা যায়, আজকেও ব্রাজিলের আক্রমণ বিভাগকে ভোঁতা করতে বড় ভূমিকা পালন করবেন ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডার।
রায়ান উইলিয়ামস – আগের প্রস্তুতি ম্যাচেই পানামার বিরুদ্ধে একমাত্র গোল করেছেন রায়ান। অস্ট্রেলিয়া থেকে সদ্যই নাগরিকত্ব নিয়ে ভারতের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন বেঙ্গালুরু এফসির এই ফরোয়ার্ড। বল নিয়ে দ্রুত আক্রমণে উঠতে পারেন তিনি। পাশাপাশি দারুন ফিনিশিং করতেও জানেন রায়ান। ফলে, আজ ব্রাজিলের গোলে বল ঠেলতে তাঁর উপরেই অধিকাংশ সময় ভরসা করছে ভারত।
সাহাল আব্দুল সামাদ – মোহনবাগানের এই মিডফিল্ডার আজ একটি বড় ভূমিকা পালন করতে পারেন ব্রাজিলের বিরুদ্ধে। তাঁর সঙ্গে ক্লাব পর্যায়ে খেলার দরুন খুব ভাল বোঝাপড়া আছে তাঁর ক্লাবের সতীর্থ মণবীর সিংয়ের। তাঁদের জুটির উইং দিয়ে আক্রমণ বহু ম্যাচে ভারতের জয়ে প্রধান ভূমিকা পালন করেছে ফলে আজও আশা করা যায়, সাহাল আটকাতে গেলে একটু হলেও বেগ পেতে হবে গ্যাবিরেল মার্গেলহাসদের।
দুই দলের মধ্যে অনেক তফাৎ। প্রযুক্তিতে, ট্রান্সফার মার্কেটে, ফুটবলের বিকাশে। কিন্তু তবুও আজ ভারতের ১১ জন যোদ্ধা সাহস দেখাবে বলে আশা করা যায়। আজ থেকে ১১৫ বছর আগে মোহনবাগান ক্লাব লড়েছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের বিরুদ্ধে। ২-১ গোলে জিতেছিলেন শিবদাস ভাদুড়ীরা। সেই ম্যাচের পরেই তো ভারতীয়রা স্বপ্ন দেখা শুরু করল, ফুটবল দিয়েও বাজিমাত করা যায়। স্বাধীনতার যুদ্ধে ফুটবলও একটি বিশেষ অস্ত্র হয়ে উঠতে পারে। ছোট মুখে বড় কথা বলেই দিই, যদি আজ ব্রাজিলকে ভারত ১-০ ফলেও হারিয়ে দেয়, তাহলে ভারতের ফুটবলের বাণিজ্যঘড়া যে উদ্ভাসিত হবে না, কে বলতে পারে?
