AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Womens Asia Cup Final: আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, বদলার লক্ষ্যে কী বার্তা দিলেন হরমনপ্রীত?

Harmanpreet Kaur: ২০২৪ ফাইনালের কথাও উঠে আসে তাঁর কথায়। সেই ম্যাচে ভারত ১৬৫ রান করেও হেরে গিয়েছিল। হরমনপ্রীত স্বীকার করেছেন, সেই ম্যাচে আসলেই শ্রীলঙ্কার প্রস্তুতি অনেক ভাল ছিল। তবে অতীতের ফল নিয়ে ভাবতে নারাজ তিনি।

Womens Asia Cup Final: আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, বদলার লক্ষ্যে কী বার্তা দিলেন হরমনপ্রীত?
ভারতীয় মহিলা ক্রিকেট দলImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 13, 2026 | 11:30 AM
Share

দুবাই : ২ বছর আগেও ছিল এমন এক এশিয়া কাপ ফাইনাল, যেখানে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মেয়েরা। সেই ম্যাচে ভারত ধরাশায়ী হয়েছিল শ্রীলঙ্কার কাছে। আজ, রবিবার ১৩ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। তবে নিজেদের শক্তির উপর ভরসা আছে ভারত ক্যাপ্টেন হরমনপ্রীতের, জানালেন তিনি।

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক জানান, “আপনি যখন এত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলছেন, তখন আপনাকে নিজের শক্তি ও দলের পারফরম্যান্সের উপর ভরসা রাখতে হবে। বেশি কিছু করার বা অসাধারণ কিছুর কথা না ভেবে নিজের উপর ভরসা করা অনেক বেশি জরুরি।” ২০২৪ ফাইনালের কথাও উঠে আসে তাঁর কথায়। সেই ম্যাচে ভারত ১৬৫ রান করেও হেরে গিয়েছিল। হরমনপ্রীত স্বীকার করেছেন, সেই ম্যাচে আসলেই শ্রীলঙ্কার প্রস্তুতি অনেক ভাল ছিল। তবে অতীতের ফল নিয়ে ভাবতে নারাজ তিনি। তাঁর মতে, “টি-২০ ক্রিকেটে কোনও এক দিন যে দল সবথেকে ভাল ক্রিকেট খেলবে, তারাই জিতবে। কোনও দলই একে অন্যের চেয়ে কম বা বেশি শক্তিশালী – এমন ভাবার কোনও কারণ নেই।”

শ্রীলঙ্কার অন্যতম বড় অস্ত্র চামারি আতাপাত্তু। তাঁকে নিয়ে ভারতের ক্যাপ্টেন বলেন, “যত দ্রুত সম্ভব আতাপাত্তুর উইকেট নেওয়ার লক্ষ্য থাকবে তাঁদের। তবে শুধু একজন ক্রিকেটারকে নয়, শ্রীলঙ্কার সব ব্যাটারকে আউট করার পরিকল্পনা থাকবে ভারতের।” এর সঙ্গেই টস ও ভারতের সমর্থন নিয়েও উৎসাহী হরমন। তিনি বলেন, “টস এমন একটা বিষয়, যেখানে কারো কোনও হাত থাকে না। সবই ভাগ্য। তবে যেহেতু আমরা প্রায় ২ সপ্তাহ এখানে আছি, তাই এখানকার পিচ, পরিবেশ সম্বন্ধে আমাদের জ্ঞান আছে। এর পাশাপাশি ভারতীয় সমর্থনও আমাদের সবথেকে বড় শক্তি। তাঁরা মাঠে এসে আমাদের জন্য গলা ফাটান। গ্যালারি ভর্তি থাকলে আরও ভাল পারফর্ম করতে ইচ্ছে করে।”

বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের পর থেকেই দল ইতিবাচক ভাবছে বলে জানান তিনি। যদিও এখন দেখার, ২০২৪ সালের হতাশাজনক পারফরম্যান্স ভুলে ভারত আদৌ এশিয়া ট্রফি নিজেদের ঘরে আনতে পারে কি না।

Follow Us