AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indians Womens Cricket Team: আবার শৃঙ্গজয়, এশিয়ার মঞ্চে শ্রীলঙ্কা বধ ভারতের সোনার মেয়েদের!

INDW vs SLW: মাত্র ৬৯ রানে অল আউট হয়ে যাওয়ার ফলে ১৪৭ রানের বিশাল মার্জিনে জিতল ভারত। এটাই টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ মার্জিনে জয়। এর আগের রেকর্ড ছিল, ২০১৮ এশিয়া কাপে। সেবার মালয়েশিয়ার মেয়েদের বিরুদ্ধে ১৪২ রানে জিতেছিল ভারত।

Indians Womens Cricket Team: আবার শৃঙ্গজয়, এশিয়ার মঞ্চে শ্রীলঙ্কা বধ ভারতের সোনার মেয়েদের!
ভারতীয় মহিলা দল।Image Credit: X
| Edited By: | Updated on: Sep 22, 2026 | 2:12 PM
Share

আইচি নাগোয়া: মাত্র দুই সপ্তাহ, এর মধ্যেই আবার ইতিহাসের পুনরাবৃত্তি। এশিয়া কাপের ফাইনালে ভারত হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এবার তার দুই সপ্তাহের মধ্যেই আবার শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ভারতের মেয়েরা। এবার এশিয়ান গেমসে। এই জয়ের ফলে এশিয়ান গেমস ২০২৬ -এ প্রথম সোনা পেল ভারত।

ঝোড়ো ব্যাটিং ভারতের- টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত ক্যাপ্টেন হরমন। ২৯ বলে ৪৮ রান করেন ওপেনার শেফালি ভার্মা। ৩টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মারেন তিনি। আর এক ওপেনার স্মৃতি মন্ধানা আজকেও ঝড় তুললেন। করলেন ৪৫ বলে ৭৯ রান। তাঁর ইনিংস সুসজ্জিত ৫ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারিতে।

এই নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড গড়লেন শেফালি ও স্মৃতির জুটি। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার জুটি হিসেবে ৪০০০ রানের পার্টনারশিপ করেছেন তাঁরা। এর মধ্যেই বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতিও। তিনি প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ১১,০০০ রান করলেন। ২২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন বঙ্গকন্যা, জলপাইগুড়ির মেয়ে রিচা ঘোষও। তাঁদের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে ২০ ওভার শেষে ২১৬ রানের গন্ডি টপকায় ভারত। ২ ওভার বল করে মাত্র ২৭ রান দেন চামারি আতাপাত্তু। ১টি করে উইকেট পেয়েছেন কোভিষা, চামুরি প্রবোদা ও সুগন্দিকা।

অসহায় আত্মসমর্পণ শ্রীলঙ্কার- জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতের সামনে খেই হারাতে শুরু করে শ্রীলঙ্কা। ২১৭ তাড়া করতে নেমে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ওপেন করতে নেমে শুরুতেই ২ উইকেট খোয়ায় তারা। দলের ক্যাপ্টেন চামারি আতাপাত্তু সর্বোচ্চ রান করেন। তাঁর স্কোর ২৯ রান। তাঁর পরেই বড় রান পেয়েছেন উইকেটকিপার কৌশানি (১৪) ও কভিষা (১১)। এশিয়া কাপের মতো আজকেও ঘাতক হয়ে ধরা দিয়েছেন দীপ্তি শর্মা। ৪ ওভার বল করে ৬ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। ২টি করে উইকেট প্রাপ্তি হয়েছে শ্রীয়াঙ্কা, শ্রী চরণি ও শেফালিদের।

মাত্র ৬৯ রানে অল আউট হয়ে যাওয়ার ফলে ১৪৭ রানের বিশাল মার্জিনে জিতল ভারত। এটাই টি-টোয়েন্টিতে ভারতের সর্বোচ্চ মার্জিনে জয়। এর আগের রেকর্ড ছিল, ২০১৮ এশিয়া কাপে। সেবার মালয়েশিয়ার মেয়েদের বিরুদ্ধে ১৪২ রানে জিতেছিল ভারত। ২০২৪ সালের এশিয়া কাপের ফাইনালে শেষবার ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। তারপর থেকেই ভারতের বিরুদ্ধে টানা ৮টি টি-টোয়েন্টি ম্যাচ হারতে হয়েছে চামারিদের। এর ফলে মহিলাদের ক্রিকেট বিভাগের সকল ম্যাচের অবসান ঘটল এশিয়ান গেমসে। সোনা জিতল ভারত, রুপো জিতল শ্রীলঙ্কা ও ব্রোঞ্জ জিতল পাকিস্তান।

Follow Us