NZ vs IND Score: ‘সূর্যগ্রহণ’ ঘটিয়ে ঈশান কোণে ভারত উদয়, নয়া রেকর্ড কিষাণের
Ishan Kishan: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরুটা একদমই ভাল হয়নি ঈশানের। প্রথম টি-টোয়েন্টিতে ১ রান করে আঙুলে চোট পান তিনি। এরপর আবার খেলেন চতুর্থ ম্যাচে ও করেন ০। পঞ্চম ম্যাচেও সুযোগ পান তিনি। সেডন পার্কে দুরন্ত ইনিংস খেললেন এই ভারতীয় কিপার-ব্যাটার।

হ্যামিল্টন: ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে চলা পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে রেকর্ড গড়লেন ঈশান কিষান। রবিবার সেডন পার্কে ২০০০ টি-টোয়েন্টি আন্তর্জাতিক রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। দুর্দান্ত ব্যাটিং করে মাত্র ৩২ বলে ৬১ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এর সঙ্গেই বলের হিসেবেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রান পূর্ণ করা ভারতীয়দের তালিকায় ৩ নম্বরে উঠে এলেন ঈশান।
মাত্র ১৩৪৫ বল খেলে ২০০০ রান করলেন তিনি। এই তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন অভিষেক শর্মা। মাত্র ১০২৪ বলেই এই মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন সূর্যকুমার যাদব। তিনি খেলেছেন ১১৬৪ বল।
সর্বোচ্চ টি-টোয়েন্টি রান-
শুধু ২০০০ রানের মাইলফলকই নয়, এক ক্যালেন্ডার বছরে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ টি-টোয়েন্টি আন্তর্জাতিক রান করার নজিরও গড়লেন ঈশান। তাঁর সংগ্রহ এখন ১২২০ রান। এর আগে ২০২২ সালে ১১৬৪ রান করেছিলেন সূর্যকুমার। স্কাইকে সরিয়ে এখন শীর্ষে ঈশান। বিশ্বের নিরিখে অবশ্য এখন দ্বিতীয় স্থানে ঈশান। ২০২১ সালে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ১৩২৬ রান করে শীর্ষে আছেন।
চোটের পর প্রত্যাবর্তন-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শুরুটা একদমই ভাল হয়নি ঈশানের। প্রথম টি-টোয়েন্টিতে ১ রান করে আঙুলে চোট পান তিনি। এরপর আবার খেলেন চতুর্থ ম্যাচে ও করেন ০। পঞ্চম ম্যাচেও সুযোগ পান তিনি। এই ম্যাচে নামার আগে ২০০০ রানের মাইলফলক থেকে ৪৫ রান দূরে ছিলেন ঈশান। সেই লক্ষ্য পূরণ করতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। মিচেল স্যান্টনারের বলে ছয় মেরে পূর্ণ করেন তাঁর হাফ সেঞ্চুরি। এটি ছিল তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারের ১৪তম হাফ সেঞ্চুরি। ৩২ বলের ইনিংসে ৫টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরেছেন তিনি।
ভারতের পরিবর্তন-
এই ম্যাচে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় কিউয়িরা। ভারতের প্রথম একাদশে আজ খেলছেন ভুবনেশ্বর কুমার ও বরুণ চক্রবর্তী। বাদ পড়েছেন অক্ষর প্যাটেল ও ময়ঙ্ক যাদব। আজও সুযোগ হয়নি বৈভব সূর্যবংশীর। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ৬ ওভারে ৫৯/১। ২৫ বলে ৪১ রানে অপরাজিত আছেন টিম সেইফার্ট ও ৮ বলে ১৪ রানে অপরাজিত ড্যারেল মিচেল।
