SA vs AUS: ভারতের বিরুদ্ধে অভিষেক, ১১ বছরের কেরিয়ারেই বিশ্বরেকর্ড রাবাডার
Kagiso Rabada: শুধু বলের হিসেবেই নয়, ম্যাচের সংখ্যার নিরিখেও দ্রুততম বোলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন রাবাডা। মাত্র ৭৫টি টেস্ট ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। এই তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ম্যালকম মার্শাল। এই রেকর্ডের শীর্ষে রয়েছেন রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেন।

কেপটাউন: টেস্ট ক্রিকেটে নয়া ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে ৩৫০ উইকেটের মালিক হলেন তিনি। কেপটাউনের নিউল্যান্ডস মাঠে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে অজিদের ১৭৬ রানে হারিয়ে সিরিজ জিতে গিয়েছে প্রোটিয়ারা। এর মধ্যেই নতুন নজির রাবাডার।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডকে আউট করেই এই নজির স্পর্শ করেন তিনি। ২৮৮ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে গিয়েছিল অজিরা। এর মধ্যেই ২৬ বলে ১৪ রানে আউট হন হেড। অফ স্টাম্পের বাইরে লেংথ বল ড্রাইভ করতে গিয়ে মার্কো জানসেনের হাতে বল তুলে দেন হেড। এরপরেই আনন্দে মেতে ওঠেন রাবাডা।
মাত্র ১৩,৮০৮ বলে ৩৫০টি উইকেট পেলেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেনের দখলে। স্টেইন ১৪,৭১৯ বলে ৩৫০ উইকেট নিয়েছিলেন। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের ওয়াকার ইউনিস। ১৪,৯০৫ বলে এই কৃতিত্ব অর্জন করেন ইউনিস। এরপরে আছেন ম্যালকম মার্শাল (১৬,২৮৫ বল) ও মিচেল স্টার্ক (১৬,৯০৮ বল)।
শুধু বলের হিসেবেই নয়, ম্যাচের সংখ্যার নিরিখেও দ্রুততম বোলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন রাবাডা। মাত্র ৭৫টি টেস্ট ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। এই তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ম্যালকম মার্শাল। এই রেকর্ডের শীর্ষে রয়েছেন রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেন। দুজনেই ৬৯টি টেস্ট ম্যাচ খেলে ৩৫০টি উইকেট পেয়েছেন।
শনিবার ২২৮ রান তাড়া করতে নেমে ১১১ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ রান করেছেন নাথান লিয়ঁ (৩৭ নঃআঃ)। তবে অজিদের ইনিংস একাই ধসিয়ে দিয়েছেন স্পিনার সাইমন হার্মার। ২১.১ ওভার বল করে ১৪টি মেডেন ওভারসহ ১৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন হার্মার। ৩টি উইকেট পেয়েছেন রাবাডা। এই ম্যাচ জিতে অজিদের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ সিরিজ জিতল প্রোটিয়ারা।
