AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mushfiqur Rahim Retirement: দীর্ঘ ২ দশকের কেরিয়ারে দাঁড়ি, ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম

Bangladesh Cricket: ২০০৫ সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অভিষেক হয় মুশফিকুরের। অভিষেক ম্যাচে তিনি করেন যথাক্রমে ১৯ ও ৩। এরপর দীর্ঘ পথ পেরিয়ে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার ও নির্ভরযোগ্য উইকেটকিপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ ২০ বছরে তিনি খেলেছেন ১০৮টি টেস্ট।

Mushfiqur Rahim Retirement: দীর্ঘ ২ দশকের কেরিয়ারে দাঁড়ি, ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর রহিম
ফাইল ছবিImage Credit: Facebook/Mushfiqur Rahim
| Updated on: Nov 29, 2026 | 11:10 AM
Share

ঢাকা: শেষ হচ্ছে দীর্ঘ দুই দশকের লম্বা কেরিয়ার। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের ইতি টানতে চলেছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে হতে চলা টেস্ট সিরিজের ঢাকা টেস্টার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন মুশফিকুর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল এই অবসরের কথা জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বহুদিন একে অন্যের সতীর্থ ছিলেন দুজন। তাই মুশফিকের অবসরের ঘোষণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তামিম। তিনি বলেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে ঢাকা টেস্টের পর মুশফিকুর রহিম অবসর নেবেন। এটি আমার কাছে খুব আবেগপ্রবণ একটি মুহূর্ত। আমরা একসঙ্গে বহুদিন খেলেছি, বড় হয়েছি ও আন্তর্জাতিক ক্রিকেটে একই রকম পথ হেঁটেছি। এই দীর্ঘ যাত্রায় অনেক অভিজ্ঞতা ও স্মৃতি আছে, যা আমরা দুজনে ভাগ করে নিয়েছি।” তামিম আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেটের জন্য মাঠে ও মাঠের বাইরে মুশফিক অনেক কিছু দিয়েছে। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।”

উল্লেখ্য, এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর। এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাতে চলেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ এর অন্তর্গত।

২০০৫ সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অভিষেক হয় মুশফিকুরের। অভিষেক ম্যাচে তিনি করেন যথাক্রমে ১৯ ও ৩। এরপর দীর্ঘ পথ পেরিয়ে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার ও নির্ভরযোগ্য উইকেটকিপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দীর্ঘ ২০ বছরে তিনি খেলেছেন ১০৮টি টেস্ট। করেছেন ৭০৬২ রান, যার মধ্যে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি। বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ রান করা ক্রিকেটারও তিনি।

শুধু ব্যাটার হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুশফিকুর। তাঁর নেতৃত্বেই প্রথমবারের জন্য ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ। ২০১৩ সালে বাংলাদেশের হয়ে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ রান করার নজির গড়েন তিনি। তাঁর করা ১৪টি সেঞ্চুরিও বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।

Follow Us