PAK vs ENG, T20 World Cup: স্পিন বনাম স্পিনের যুদ্ধে উদ্বেগ বাড়াচ্ছে বাবর-ব্রুকদের ফর্মে না থাকা!
শ্রীলঙ্কার বিপক্ষে বড় রান না পেলেও, নিখুঁত ক্রিকেট খেলেছিল হ্যারি ব্রুকের দল। তাদের স্পিনাররাই মূল কাজটা সারেন। সঙ্গে পেসার জোফ্রা আর্চার শ্রীলঙ্কাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। লেগ স্পিনার আদিল রশিদ এবং বাঁ হাতি স্পিনার লিয়াম ডসন জুটিতে বিপাকে ফেলেছিলেন প্রতিপক্ষকে। ছন্দে রয়েছেন জ্যাক উইলস। কার্যকর অফস্পিনের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখছেন। ওপেনার ফিল সল্টও ফর্মে ফিরেছেন। বিশ্বকাপে প্রথমবার পাওয়ার প্লে পার করেছেন।

কলকাতা: ঘূর্ণির আগাম পূর্বাভাস মিলছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের বাইশ গজে যদি জয় ফলাতে হয়, তা হলে স্পিনারদের উপরেই নির্ভর করতে হবে। মঙ্গলবার মুখোমুখি নামার আগে স্পিনারদের তৈরি রাখছে ইংল্যান্ড ও পাকিস্তান। ইংল্যান্ড সেরা সেরা ছন্দে না থাকলেও দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন জয়ের মধ্যেই রয়েছে। সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫১ রানে হারিয়ে দিয়েছেন জস বাটলাররা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ইংলিশ টিম কিন্তু চাপেই রাখছে পাকিস্তানকে। অন্য দিকে, পাকিস্তান বেশ চাপে। নিউজডিল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। ইংল্যান্ডকে হারাতে না পারলে কিন্তু গ্রিন আর্মির সেমির রাস্তা কঠিন হয়ে যাবে।
শ্রীলঙ্কার বিপক্ষে বড় রান না পেলেও, নিখুঁত ক্রিকেট খেলেছিল হ্যারি ব্রুকের দল। তাদের স্পিনাররাই মূল কাজটা সারেন। সঙ্গে পেসার জোফ্রা আর্চার শ্রীলঙ্কাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। লেগ স্পিনার আদিল রশিদ এবং বাঁ হাতি স্পিনার লিয়াম ডসন জুটিতে বিপাকে ফেলেছিলেন প্রতিপক্ষকে। ছন্দে রয়েছেন জ্যাক উইলস। কার্যকর অফস্পিনের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখছেন। ওপেনার ফিল সল্টও ফর্মে ফিরেছেন। বিশ্বকাপে প্রথমবার পাওয়ার প্লে পার করেছেন। তবে জস বাটলারের ফর্ম এখনও চাপে রাখছে। যদিও অভিজ্ঞ এই ব্যাটারের উপর ভরসা রাখছেন অধিনায়ক ব্রুক। তিনি নিজেও এখনও বড় রান পাননি।
ইংল্যান্ড কলম্বোর মাঠ খুব ভালো করে চেনে। সেই সুবিধাও পাচ্ছে। বিশ্বকাপের আগে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল। তারই সুফল হিসেবে সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও জয় পেয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর ব্রুক বলেছেন, “আমরা এখনও ব্যাট হাতে নিখুঁত ম্যাচ খেলতে পারিনি। যেভাবে শুরু দরকার বা বড় ইনিংস চাই, তা পাইনি। আমার বিশ্বাস খুব শিগগিরই সেটা আসবে। জস বাটলার, জ্যাকব বেথেল, আমি নিজে, টম ব্যান্টন, কেউ বড় রান না পেলেও আমরা ম্যাচ জিতেছি, এটা দারুণ ব্যাপার। আশা করি পরের ম্যাচে আমরা সেরাটা দিতে পারব।”
‘মেন ইন গ্রিন’ মন্থর উইকেটে তাদের বৈচিত্র্যময় স্পিন আক্রমণের উপরেই ভরসা রাখবে। মিস্ট্রি স্পিনার উসমান তারিকের পাশাপাশি দলে রয়েছেন সাইম আয়ুব, আবরার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজের মতো স্পিনাররা। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে চাপে ফেলে দিতে পারেন। তবে স্পিনের বিরুদ্ধে পাকিস্তানের ব্যাটিংও উদ্বেগে রাখছে দলকে। ওপেনার সাহিবজাদা ফারহান ৪ ইনিংসে ২২০ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও, সাইম আয়ুব ও অধিনায়ক সলমন আঘা এখনও বড় রান পাননি। এই দুই ব্যাটারকে ছন্দে চাইছে দল। না হলে ইংল্যান্ডের শক্তিশালী দলকে হারানো যে কঠিন হবে, তা বুঝতে অসুবিধা হচ্ছে না।
