India vs Pakistan: ক্রিকেটের দৃশ্য এবার হকিতেও! চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে আসতে নারাজ পাকিস্তান!
Asian Champions League: উল্লেখ্য, ২০২৫ সালে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান রাজগিরে আয়োজিত এশিয়া কাপ ও তামিলনাড়ুতে আয়োজিত এফআইএইচ জুনিয়র বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিল। সেই সময় নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়েছিল পাকিস্তান।

নয়াদিল্লি: এ যেন ক্রিকেটের পুনরাবৃত্তি। ক্রিকেটে এতদিন ভারতের সঙ্গে ম্যাচ কোনও নিরপেক্ষ জায়গাতে করেছে পাকিস্তান। এবার সেই এক জিনিস ঘটবে হকিতেও। ভারতের বিরুদ্ধে ভারতে এসে হকি ম্যাচ খেলবে না পাকিস্তান। পাকিস্তানের তরফ থেকে নিরপেক্ষ কোনও দেশে আয়োজন করার অনুরোধ করা হয়েছে এশীয় হকি সংস্থাকে। তবে পাকিস্তানের এই প্রস্তাব কার্যত খারিজ করে দিয়েছে হকি ইন্ডিয়া। আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত পঞ্জাবের মোহালি ও জলন্ধরে বসার কথা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। কিন্তু ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান।
পাকিস্তান জানিয়েছে, ‘সংবেদনশীল দ্বিপাক্ষিক পরিস্থিতি’-র জন্য তারা ভারতের খেলতে আসতে চায় না। পাকিস্তান হকি ফেডারেশনের অন্তর্বতী সভাপতি মহিউদ্দিন আহমেদ ওয়ানি জানিয়েছেন, গোটা টুর্নামেন্টটি নিরপেক্ষ কোনও দেশে সরিয়ে নেওয়া হোক। তা সম্ভব না হলে অন্তত পাকিস্তানের ম্যাচগুলি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার আবেদন জানিয়েছেন তিনি। ওয়ানি বলেন, বর্তমান ভারত-পাক সম্পর্ক খুব সংবেদনশীল। জাতীয় দলের খেলোয়াড় ও আধিকারিকদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে তাঁদের লক্ষ্য। তবে তাঁর দাবি, পাকিস্তান টুর্নামেন্ট থেকে সরবে না। তারা টুর্নামেন্ট খেলবে। স্রেফ, ভারতে এসে খেলবে না। সূচি অনুযায়ী, ১ নভেম্বর পাঞ্জাবের জলন্ধরে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
উল্লেখ্য, ২০২৫ সালে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান রাজগিরে আয়োজিত এশিয়া কাপ ও তামিলনাড়ুতে আয়োজিত এফআইএইচ জুনিয়র বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছিল। সেই সময় নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়েছিল পাকিস্তান। এবারও পাকিস্তান যদি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নেয়, সেক্ষেত্রে বাংলাদেশ বা ওমানকে বিকল্প দল হিসেবে নেওয়া হতে পারে জানিয়েছেন ভোলা নাথ। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক ও ভারত ছাড়াও মালয়েশিয়া, চিন, জাপান ও দক্ষিণ কোরিয়ার অংশ নেওয়ার কথা রয়েছে।
