Vinicius Jr. New Look: বিশ্বকাপের পরেই নতুন লুকে ভিনিসিয়াস, মুখের কী পরিবর্তন করলেন ব্রাজিল তারকা?
Real Madrid: এখন ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যাবে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে। সদ্যই কোচ বদলে মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন হোসে মৌরিনিও। তাঁর অধীনেই ২০২৬-২৭ লা লিগা অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ। তাদের প্রথম ম্যাচ ২৩ অগাস্ট, এস্প্যানিওলের বিরুদ্ধে।

কলকাতা : ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র আবারও শিরোনামে। তবে এবার তাঁর মাঠের পারফরম্যান্স নয়, বরং তাঁর নতুন মুখমন্ডল নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড সম্প্রতি চিন হারমোনাইজেশন বা চিবুকের অস্ত্রোপচার করিয়েছেন। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর গোয়ানিয়া শহরে এই চিকিৎসা করানো হয়েছে বলে দাবি করা হচ্ছে নানা সংবাদমাধ্যমে। বিশ্বকাপের পর এবার নতুন লুকের কারণেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ভিনি। প্রাক-মরসুম অনুশীলনের জন্য রিয়াল মাদ্রিদে ফেরার আগেই তাঁর বদলে যাওয়া চেহারা নিয়ে সোশ্যাল মিডিয়াতে জোর চর্চা শুরু হয়েছে।
কী এই চিন হারমোনাইজেশন? ব্রাজিলের মিডিয়ার দাবি, মুখের গঠনকে আরও ভারসাম্প্যপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতেই এই ট্রিটমেন্ট করানো হয়েছে। এই অপারেশনকে চিন রিশেপিং বা প্রোফাইল হারমোনাইজেশনও বলা হয়। এতে শুধু চিবুক নয়, বরং নাক, ঠোঁট, চোয়াল ও চিবুকের পারস্পরিক ভারসাম্য বিচার করে মুখের সামগ্রিক প্রোফাইল আরও সুন্দর করার চেষ্টা করা হয়। ভিনিসিয়াসের এই অপারেশন করার সময় চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। মায়ামি থেকে এসেছিলেন এক বিশেষজ্ঞ চিকিৎসক। এমনকি, তখন সাধারণ মানুষের জন্য ক্লিনিক বন্ধ ছিল। চিকিৎসার সময় ভিনিসিয়াসের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করার নির্দেশ ছিল কর্মীদের কাছেও।

নতুন লুকে ভিনিসিয়াস জুনিয়র!
বিশ্বকাপে ব্রাজিলের এই যাত্রাও হতাশাজনক। রাউন্ড অফ ১৬তে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছেন নেইমাররা। পুরো বিশ্বকাপে মোট ৪ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন ভিনি। রাউন্ড অফ ১৬র ম্যাচের শেষ ১৫ মিনিটে আর্লিং হাল্যান্ডের জোড়া গোলে ব্রাজিলের ৬ষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়। এখন ভিনিসিয়াস জুনিয়রকে দেখা যাবে তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে। সদ্যই কোচ বদলে মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন হোসে মৌরিনিও। তাঁর অধীনেই ২০২৬-২৭ লা লিগা অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ। তাদের প্রথম ম্যাচ ২৩ অগাস্ট, এস্প্যানিওলের বিরুদ্ধে। এছাড়া নতুন মরসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর ২০২৬, যেখানে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে মরসুম শুরু হওয়ার আগে তাঁর এই লুক পরিবর্তনের চর্চা সর্বত্র।
