Rohit Sharma: ক্রিকেট অতীত? সৌরভের দেখানো পথেই এবার নয়া ভূমিকায় রোহিত!
New TV Show: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বহুদিন আগেই অবসর নিয়ে নিয়েছেন রোহিত শর্মা। এখন শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেট ও আইপিএল খেলতে দেখা যায় হিটম্যানকে। চলতি বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ওয়ান ডে সিরিজে খেলেছেন রোহিত।

মুম্বই: নয়া ভূমিকাতে দেখা যেতে চলেছে ভারতীয় ক্রিকেটের রত্ন রোহিত শর্মাকে। এতকাল যাবৎ ব্যাট হাতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের আনন্দ দিলেও এবার রোহিত অন্য ফরম্যাটে ডেবিউ করতে চলেছেন। টিভিতে এই প্রথম সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে রোহিতকে। এবার সোনি পিকচার্স নেটয়ার্কসের নতুন শো ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-তে সঞ্চালনা করবেন আইপিএলের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক।
ক্রিকেটের দুনিয়া থেকে যদিও কোনও শো সঞ্চালনা করা আগেও হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রায় বছর পনেরো আগে থেকেই নানা গেম শো সঞ্চালনা করছেন। এবার তিনি বিগ বস বাংলার সঞ্চালকের চেয়ারে। সৌরভের দেখানো পথেই এবার রোহিত শর্মাও। সূত্রের খবর, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এই শো-টি দেখানো হবে। শোয়ের ইতিমধ্যেই শ্যুটিং হয়ে গিয়েছে। তবে এই শো-টি ঠিক কী নিয়ে, কারা কারা এর অতিথি হিসেবে আসবেন – এসব কিছুই জানানো হয়নি। তবে এই প্রথম নয়, বহু বছর ধরেই অনেক বিজ্ঞাপনী সংস্থার মুখ রয়েছেন রোহিত। অনেক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন রোহিত। তবে বিজ্ঞাপনী সংস্থা থেকে সরে এবার সম্পূর্ণ নয়া একটি শো করছেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বহুদিন আগেই অবসর নিয়ে নিয়েছেন রোহিত শর্মা। এখন শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেট ও আইপিএল খেলতে দেখা যায় হিটম্যানকে। চলতি বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ওয়ান ডে সিরিজে খেলেছেন রোহিত। ওয়ান ডে-তে প্রায় ১১, ৯০০ রান করেছেন রোহিত। শতরান ৩৪টি, অর্ধশতরান ৬২টি। ওডিআইতে সর্বোচ্চ স্কোরারদের তালিকায় রোহিত বর্তমানে ৭ নম্বরে আছেন। তবে ক্রিকেটের পাশাপাশি এবার নতুন ফরম্যাটেও ব্যাট হাতে নামবেন হিটম্যান। এর মধ্যেই রোহিতকে নতুন রূপে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।
