IND W vs PAK W Match: শ্রী চরণী-প্রেমার দাপট, ভারতের মেয়েদের কাছে লজ্জার হার পাকিস্তানের!
Womens Asia Cup 2026: দুবাইয়ের মন্থর পিচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক ক্যাপ্টেন ফতিমা সানা। প্রথম উইকেটের পার্টনারশিপ ২৭ রানের। এরপর থেকেই যেন ধস নামল। পরের ব্যাটারদের রান ০, ২, ৩, ০, ৫, ৬, ৯, ০, ০। দেখে মনে হচ্ছে যেন কোনও ফোন নম্বরের সংখ্যা।

দুবাই : আবার ভারতীয় বাহিনীর জয়জয়কার। এবার মহিলাদের ক্রিকেটে (Indian Women Cricket Team)। শেষ কবে যেন পাকিস্তানের মহিলাদের দল (Pakistan Women Cricket Team) জিতেছে ভারতের বিরুদ্ধে, মনে করা একটু কঠিন। গুগল বলছে, ৭ অক্টোবর ২০২২, সিলেটে। সেটিও ছিল একটি এশিয়া কাপের ম্যাচ। এটিও হল এশিয়া কাপের (Asia Cup) ম্যাচ। ভারতের মেয়েদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেল পাক ইনিংস। নেপথ্যে, শ্রী চরণী (Shree Charani) ও প্রেমা রাওয়াত (Prema Rawat)। দুজনেই পেলেন ৩টি করে উইকেট। এবং এই স্পিনের ফাঁদে পড়ে আবার লজ্জার ইতিহাস গড়ল পাকিস্তান।
দুবাইয়ের মন্থর পিচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক ক্যাপ্টেন ফতিমা সানা। প্রথম উইকেটের পার্টনারশিপ ২৭ রানের। এরপর থেকেই যেন ধস নামল। পরের ব্যাটারদের রান ০, ২, ৩, ০, ৫, ৬, ৯, ০, ০। দেখে মনে হচ্ছে যেন কোনও ফোন নম্বরের সংখ্যা। অধিনায়ক ফতিমা ৭ বল খেলে করলেন ০। ভারতীয় স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেল পাক মহিলা ব্রিগেডকে। ফল? ১৮.১ ওভারে ৫৫ রানে অল আউট পাকিস্তান। ৭ রানে ৩ উইকেট পেলেন শ্রী চরণী। ৯ রানে ৩ উইকেট পেলেন প্রেমা রাওয়াত। ৫ রানে ২ উইকেট পেলেন দীপ্তি শর্মা। ২৭/১ থেকে ৫৫/১০ হওয়ার প্রধান কারণ হল স্পিনের ফাঁদ এবং মন্থর পিচ। এর মধ্যে ১টি স্রেফ রান আউট।
জবাবে ব্যাট করতে নেমে ৪ ওভারের মধ্যেই ৩ উইকেট খুইয়ে ফেলে ভারতীয় দল। শেফালি ভার্মা (১২), স্মৃতি (৯), প্রতীকা (৪) – তিনজনকেই আউট করেছেন পাক ক্যাপ্টেন ফতিমা। এরপর ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (১৮ নট আউট) ও দীপ্তি শর্মা (১২ নট আউট) মিলে ৯ ওভারের মধ্যেই ভারতের বৈতরণী পার করে দেন। এর মধ্যেই একটি রেকর্ড গড়লেন ভারত ক্যাপ্টেন হরমনপ্রীত। প্রথম ক্রিকেটার হিসেবে ১৫০ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করলেন হরমন। এবং এই জয়ের ফলে আরও ভাল অবস্থানে গেল ভারত।
