
কলকাতা : গতকালই কেকেআরের (Kolkata Knight Riders) বিরুদ্ধে দুরন্ত শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। কেকেআরের বিরুদ্ধে রায়পুরে (Raipur) ১৯৩ রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই জিতে যায় আরসিবি (RCB)। ৬০ বলে ১০৫ রানের ইনিংস খেলেছেন বিরাট। এই নিয়ে আইপিএলে (IPL 2026) নবম সেঞ্চুরি করে ফেলেছেন কোহলি। করে ফেলেছেন টি-টোয়েন্টিতে ১৪০০০ রান। ম্যাচের পর কোহলির মুখে শোনা গেল নিজের ব্যাটিং প্রীতি ও প্রতি মুহূর্তকে উদযাপন করার কথা।
গতকাল সেঞ্চুরির পর সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বললেন,“এতকিছুর পরেও আমি বলব, আমি স্রেফ ব্যাটিং করতে ভালোবাসি। ভাল খেলা সত্ত্বেও রান না পাওয়া আমাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছিল। আমার লক্ষ্যই ছিল নিজেদের সেরাটা দেওয়া। সেঞ্চুরি হোক বা না হোক, খেলা শেষ করে আসাটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি জানি একদিন সব শেষ হয়ে যাবে, তাই আমি মাঠের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে চাই।”
নিজের রেকর্ড ভাঙা প্রসঙ্গেও অকপট বিরাট। বললেন,”এই জাতীয় স্তরে সেরা খেলোয়াড়দের বিপক্ষে লড়াই করতে পারাটা অনেক সম্মানের। মাঠে আমি নিজের ১০০ শতাংশ দিয়েই খেলি কারণ আমি জানি একদিন এই সব শেষ হয়ে যাবে। আমি এই চাপের মুহূর্তগুলোরই অপেক্ষা করি, যেখানে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে নিজেকে উজাড় করে দেওয়া যায়। চাপের মুখে পারফর্ম করতে পারলে ব্যক্তিত্ব গড়ে ওঠে। এই সবই ঈশ্বরের কৃপা, আর আমি তাঁর কাছে কৃতজ্ঞ।”
গতকাল সবথেকে কম ইনিংস (৪০৯) খেলে ১৪ হাজার রান পূরণ করলেন বিরাট। অতীতে এই রেকর্ড গড়েছিলেন ক্রিস গেইল। ৪২৩ ইনিংস খেলে এই রান করেছিলেন গেইল। সেই রেকর্ডই ভাঙলেন কোহলি। এর পাশাপাশি দশম টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন বিরাট। এর মধ্যে রয়েছে ৯টি আইপিএল সেঞ্চুরি ও জাতীয় দলের জার্সিতে করা একটি সেঞ্চুরি। একইসঙ্গে রান তাড়া করে তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন বিরাট, ছুঁয়ে ফেললেন বাটলারকে। তবে কোহলির ব্যাটে আরও রান আসুক, একই সঙ্গে দ্বিতীয় ট্রফিও আসুক, এমনই প্রত্যাশা সমর্থকদের। এই জয়ের ফলে শেষ চারে যাওয়া একপ্রকার নিশ্চিত করে ফেলল আরসিবি।