RCB : বিরাটের সেই কান্না আজও চোখে ভাসে…মুখ খুললেন ক্রুনাল পাণ্ড্য!
IPL 2026 : ২০০৮ থেকে আরসিবিতে রয়েছেন আরসিবির প্রাণভোমরা বিরাট কোহলি। অতীতে অনেক খারাপ দিন দেখেছেন বিরাট। ৪৯ অল আউট থেকে তিনবার ফাইনালে উঠে হার, বিরাটের দৃষ্টিগোচর হয়নি কিছুই। গত বছর ফাইনালে জেতার পর শিশুর মতো কোহলিকে কাঁদতে দেখা খুব ইমোশনাল, বললেন ক্রুনাল।

কলকাতা : ৩ জুন, ২০২৫ – ১৮ বছরের অপেক্ষা শেষে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির সেই কান্নার দৃশ্য, কে ভুলতে পেরেছে? ১৮ বছরে ৩ বার ফাইনাল খেলে চতুর্থ ফাইনালে জয় পেয়েছিল আরসিবি। পাঞ্জাবকে হারিয়েছিল ৬ রানে। এর পরেই ঘটে গিয়েছিল দুর্ঘটনা। ১১ জন আরসিবি সমর্থকের মৃত্যু ঘটেছিল পরেরদিন ট্রফি সেলিব্রেশন করার সময়। ১৮ বছরের অপেক্ষার শেষে অবশেষে ট্রফি জেতায় বাঁধনছাড়া উচ্ছাস করতে দেখা গিয়েছিল সমর্থকদের। তারই ফল, ১১ জনের মৃত্যু। যদিও এরপরে অনেক তদন্ত হয়েছিল, বিতর্ক চলেছিল কিন্তু অবশেষে এই আইপিএল শুরুর আগে চিন্নাস্বামীতে প্রতিযোগিতা আয়োজনের অনুমতি দিয়েছে কর্ণাটক বোর্ড। এবার সেই ফাইনাল নিয়ে বড় কথা বলে দিলেন আরসিবি-র বর্তমান স্পিনার ক্রুনাল পাণ্ড্য।
২০০৮ থেকে আরসিবিতে রয়েছেন আরসিবির প্রাণভোমরা বিরাট কোহলি। অতীতে অনেক খারাপ দিন দেখেছেন বিরাট। ৪৯ অল আউট থেকে তিনবার ফাইনালে উঠে হার, বিরাটের দৃষ্টিগোচর হয়নি কিছুই। গত বছর ফাইনালে জেতার পর শিশুর মতো কোহলিকে কাঁদতে দেখা খুব ইমোশনাল, বললেন ক্রুনাল। তাঁর কথায়,”আরসিবির হয়ে বিরাট অনেক কিছু দিয়েছে। বহু বছর দলের সঙ্গে রয়েছে , দলের একজন প্রধান সদস্য । যদি এই ট্রফির সবথেকে বেশি কেউ যোগ্য, সেটা কোহলি ও আরসিবির সমর্থকেরা। সেদিন ফাইনালে কোহলির কান্না দেখে সত্যিই আমরা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ওঁকে কাঁদতে দেখা খুব বিশেষ মুহূর্ত ছিল।” সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন ক্রুনাল। “আরসিবিকে মানুষ যতটা ভালোবাসে তা বলার মতো নয়। সেদিন আমরা বলেছিলাম, আজ আমাদের সমর্থকদের জন্য আজ জিততেই হবে আমাদের। আমি খুব খুশি যে আমরা দেওয়া কথা রাখতে পেরেছি। ওঁরা এই ট্রফির জন্য যোগ্য ছিলেন।”
আইপিএলে এত বছর খেলছেন ক্রুনাল। কিন্তু তাঁর আইপিএলে সেরা মুহূর্ত জিজ্ঞেস করলে তিনি বললেন আরসিবির হয়েই আইপিএল জেতা আপাতত স্পেশাল। ১৮ বছর অপেক্ষার পর চ্যাম্পিয়ন হয়েই সেই মুহূর্ত সেরা বলে মানেন ক্রুনাল। ২০২৫ সাল থেকে ক্রুনাল খেলছেন আরসিবিতে। তাঁকে গত বছর প্রায় ৫.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল আরসিবি। এই মুহূর্তে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলিরা। আজ সন্ধ্যায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে আরসিবি। বদলার এই ম্যাচে নজর থাকবে ক্রুনালের দিকে।
