Sehgal Hossain: অনুব্রত-র প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন গ্রেফতার, বিপুল টাকা-সোনা উদ্ধার
Sehgal Hossain Arrested: বোলপুরে বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গলকে। টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের ফ্ল্যাট ও বাড়িতেও চলে তল্লাশি। টুলুর শ্যালকের আবাসনেই ফ্ল্যাট সায়গল হোসেনের।

বীরভূম: গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। প্রায় ২২ ঘণ্টা ম্যারাথন জেরা করার পর বোলপুরের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে তোলা হবে বীরভূমের সিউড়ি আদালতে। গ্রেফতারির সময় সায়গলের ফ্ল্যাট থেকে বিপুল ধনসম্পত্তি পাওয়া গিয়েছে।
বোলপুরে বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গলকে। টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের ফ্ল্যাট ও বাড়িতেও চলে তল্লাশি। টুলুর শ্যালকের আবাসনেই ফ্ল্যাট সায়গল হোসেনের।
জানা গিয়েছে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের কালো টাকার খোঁজে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে পৌঁছয় তদন্তকারীরা। পাথর ও বালির গাড়িতে নকল ডিসিআর (DCR) ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হাতিয়েছে টুলু মণ্ডল, এমনটাই অভিযোগ। এর তদন্তে নেমেছে বীরভূম জেলা পুলিশ। সেই সূত্র ধরেই টুলু মণ্ডলের শ্যালকের আবাসনে পৌঁছয় পুলিশ। এরপরই বড় চমক! টুলু মণ্ডল বা তাঁর আত্মীয় নয়, তল্লাশি চলে সায়গল হোসেনের ফ্ল্যাটে। একটানা ২২ ঘণ্টা জেরার পর সায়গলকে গ্রেফতার করা হয়।
সায়গল হোসেনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ১৩ লক্ষ টাকা। এছাড়াও ৭৫০ গ্রামের বেশি সোনা এবং ৩০০-রও বেশি দলিল পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
প্রসঙ্গত, এর আগে তৃণমূল সরকারের আমলেই গরু পাচার মামলায় আর্থিক তছরুপ ও বেআইনিভাবে বিপুল সম্পত্তি অর্জনের জন্য সায়গলকে সিবিআই ও ইডি গ্রেফতার করেছিল। আড়াই বছর জেলে থাকার পর, বর্তমানে জামিনে মুক্তি পেয়েছিলেন অনুব্রতর এক সময়ের ডান হাত। বোলপুর বাইপাস সংলগ্ন ওই ফ্ল্যাটেই থাকতেন সায়গল।
