Accident in Bankura: অঝোরে বেরচ্ছে রক্ত, যান্ত্রণায় রাস্তায় গড়াগড়ি ২ জনের, দেখতে পেয়েই মন্ত্রীর বড় উদ্যোগ
Accident: স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে সরকারি একটি কর্মসূচিতে রানিবাঁধের দিক থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। যাওয়ার পথে বহড়ামুড়ির কাছে তিনি দেখেন গুরুতর আহত অবস্থায় দুই যুবক রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। তাঁদের শরীর থেকে অঝোর ধারায় বইছে রক্তের স্রোত। অদূরে পড়ে রয়েছে একটি বাইক।

বাঁকুড়া: পথ দুর্ঘটনায় আহত বাইক আরোহী দুই যুবককে নিজে হাতে করে গাড়িতে তুলে হাসপাতালে পাঠালেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। রাজ্যের মন্ত্রীর মানবিক এই ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার হিড়বাঁধ থানার বহড়ামুড়ি এলাকার। আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে সরকারি একটি কর্মসূচিতে রানিবাঁধের দিক থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। যাওয়ার পথে বহড়ামুড়ির কাছে তিনি দেখেন গুরুতর আহত অবস্থায় দুই যুবক রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। তাঁদের শরীর থেকে অঝোর ধারায় বইছে রক্তের স্রোত। অদূরে পড়ে রয়েছে একটি বাইক।
স্থানীয় কয়েকজন মানুষ ঘটনাস্থলে ভিড় জমালেও আহত দুই বাইক আরোহীদের হাসপাতালে পাঠানোর কোনও ব্যবস্থা তাঁরা করে উঠতে পারেননি। তড়িঘড়ি মন্ত্রী নিজে নেমে আসেন গাড়ি থেকে। এরপর নিরাপত্তারক্ষীদের সহায়তায় আহত ওই দুই যুবককে কোনওক্রমে তুলে নিজের কনভয়ের গাড়িতে চাপিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠান মন্ত্রী ক্ষুদিরাম টুডু। মন্ত্রীর দাবি ওই দুই যুবক সম্ভবত একটি বাইকে চড়ে হিড়বাঁধের দিক থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। একটি বাঁকের মুখে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কর্পিও গাড়িকে মুখোমুখি ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ওই দুই যুবক।
রাজ্যের মন্ত্রী বলেন, “একজন যাত্রী ছিল যিনি খাতড়া যাচ্ছিলেন। মোটর সাইকেলে দু’জন ছিলেন। গাড়ির সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। মোটর সাইকেলে থাকা দুজন ভীষণ ভাবে আহত হয়েছেন। অবস্থা খুব খারাপ। দুজনের ব্লাড ঝরছে। আমি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আহতদের বাঁকুড়া মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেছি।”
