Village Police Controversy: তৃণমূলে কার্যালয়ে নির্বাচনের প্রস্তুতি বৈঠকে ভিলেজ পুলিশ? ছবি ভাইরাল হতেই জোর বিতর্ক

Village Police Controversy in Bankura: বিতর্কের মুখে দলের ব্লক কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়েছিল ভিলেজ পুলিশকে, এবার সরাসরি তৃণমূলের কার্যালয়ে নির্বাচনের প্রস্তুতি বৈঠকে ওই ভিলেজ পুলিশের উপস্থিতির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। ফের বিতর্কের মুখে ওই ভিলেজ পুলিশের ভূমিকা। শোরগোল এলাকার রাজনৈতিক মহলে।

Village Police Controversy: তৃণমূলে কার্যালয়ে নির্বাচনের প্রস্তুতি বৈঠকে ভিলেজ পুলিশ? ছবি ভাইরাল হতেই জোর বিতর্ক
তুমুল বিতর্ক রাজনৈতিক মহলে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 23, 2026 | 2:48 PM

বাঁকুড়া: ফেব্রুয়ারি মাসের শেষে রাজ্যের শাসকদলের নব ঘোষিত ব্লক কমিটির সাধারণ সম্পাদক পদে এক ভিলেজ পুলিশকে বসানো নিয়ে কম জলঘোলা হয়নি বাঁকুড়ার সিমলাপালে। বিতর্কের মুখে পড়ে তড়িঘড়ি শাসকদলের ওই পদ থেকে সরানো হয় মধুসূদন কর্মকার নামের ওই ভিলেজ পুলিশকে। এবার তৃণমূলের কার্যালয়ে দলের নির্বাচনী বৈঠকে দলের কর্মীদের মাঝে ওই ভিলেজ পুলিশের উপস্থিতির ছবিকে ঘিরে শুরু হয়েছে তুমুল জলঘোলা। 

বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকার ভিলেজ পুলিশ হিসাবে কর্মরত মধুসূদন কর্মকারের ভূমিকা বারেবারেই পড়েছে প্রশ্নের মুখে। বিভিন্ন সময় শাসকদলের মিছিলে যেমন তাঁকে একেবারে সামনের সারিতে দেখা গিয়েছে তেমনই নিজের এলাকায় একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসাবেই তাঁকে চেনেন অনেকে। ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে তৃণমূলের তরফে সিমলাপাল ব্লক কমিটি ঘোষণা করা হলে দেখা যায় মধুসূদন কর্মকারকে বসানো হয়েছে তৃণমূলের সিমলাপাল ব্লকের সাধারণ সম্পাদক পদে।

বিষয়টি নিয়ে চূড়ান্ত বিতর্কের মুখে পড়ে তড়িঘড়ি সে সময় ওই ভিলেজ পুলিশকে দলীয় পদ থেকে সরিয়ে নেয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু এক মাস যেতে না যেতে ফের একবার ওই ভিলেজ পুলিশের ভূমিকা পড়ল প্রশ্নের মুখে। সম্প্রতি বিক্রমপুর এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে স্থানীয় অঞ্চল নেতৃত্ব নির্বাচনের একটি প্রস্তুতি সভা করেন। সেই সভার একাধিক ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায় দলের ওই বৈঠকে দলীয় নেতা কর্মীদের পাশাপাশি বহাল তবিয়তে বসে রয়েছেন বিক্রপুরের ভিলেজ পুলিশ মধুসূদন কর্মকার। 

সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ছবি তুলে ধরে বিজেপির অভিযোগ এই ঘটনা ফের প্রমাণ করল রাজ্যে পুলিশ প্রশাসন ও তৃণমূল এক হয়ে গেছে। সুর চড়িয়েছেন তালডাংরা বিধানসভার বিজেপি প্রার্থী সৌভিক পাত্র। ঘটনায় স্বভাবতই অস্বস্তি তৈরি হয়েছে ঘাসফুল শিবিরে। তৃণমূলের সিমলাপাল ব্লকের সভাপতি সৌমেন পাত্রের দাবি, অনেক সময় সভা সমিতির নিরাপত্তার দায়িত্বে থাকেন ভিলেজ পুলিশ। তাছাড়াও বিভিন্ন কাজ নিয়ে দলীয় কার্যালয়ে যান এলাকার মানুষ। তেমনটা হয়েছে কিনা খোঁজ নেওয়া দরকার। 

Follow Us