Bikash on FIR: ‘ওরা সেঞ্চুরি করুক, তারপর আমি বাউন্সার দেব’, থানার হাজিরা দেওয়া নিয়ে বললেন বিকাশ
এর উত্তরে বলতে গিয়েই বিকাশ ভট্টাচার্য জানিয়ে দেন তিনি হাজিরা দেবেন না। আইনজীবী বলেন, "একশোটা থানায় অভিযোগ হোক। তারপর যাব। তার আগে যাবই না। ওরা সেঞ্চুরি করুক তারপর আমি বাউন্সার দেব। সাংবিধানিক পদে থেকে ধর্মীয় উন্মাদের মতো কথা বলছেন।"

কলকাতা: ২৪ ঘণ্টার মধ্যে বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা (CPM) বিকাশরঞ্জন ভট্টাচার্যকে নিজের পোস্ট সংশোধন করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘হিন্দুত্ববাদী’ শব্দটি তুলে নেওয়ার নির্দেশ দেন। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ কানেই তোলেননি বিকাশ ভট্টাচার্য। নিজের মন্তব্যেও অনড় ছিলেন। এরপরই রবিবার রাতে কসবা ও গড়ফা থানার পুলিশ ডেকে পাঠায়।
শুধু রবিবার নয়, সোমবারও রাজ্যের একাধিক জায়গা বিকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৩ ও ১৪ অক্টোবর। তিনি কি হাজিরা দেবেন? এর উত্তরে বলতে গিয়েই বিকাশ ভট্টাচার্য জানিয়ে দেন তিনি হাজিরা দেবেন না। আইনজীবী বলেন, “একশোটা থানায় অভিযোগ হোক। তারপর যাব। তার আগে যাবই না। ওরা সেঞ্চুরি করুক তারপর আমি বাউন্সার দেব।” মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করে তিনি বলেন, “সাংবিধানিক পদে থেকে ধর্মীয় উন্মাদের মতো কথা বলছেন।”
গত বৃহস্পতিবার ভোরে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা হয়। মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তি আসেন। এরপর বিকাশের বাড়িতে ভাঙচুর চালানো হয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় তাঁকে। এই সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে আসে। এই ঘটনার পর বিকাশ একটি পোস্ট করেন। সেখানে লেখেন হিন্দুত্ববাদী গুন্ডারা এই কাজ করেছে। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দেন, বিকাশ যেন ২৪ ঘণ্টার মধ্যে হিন্দুত্ববাদী শব্দ তুলে নেন। কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রীর ডেডলাইনের পরও বিকাশ পোস্ট সংশোধন করেননি। তিনি বলেছিলেন, “তিনি বলেন, “আমি কেন ডিলিট করব? অপরাধ করবে ওরা… হিন্দুত্ববাদ প্রকৃতপক্ষে একধরনের গুন্ডামির তত্ত্ব। আর হিন্দুত্ব হল বহুত্ববাদ। সকলকে গ্রহণের তত্ত্ব। ওরা প্রকৃতপক্ষে হিন্দু ধর্মেরই বিরোধী।” তারপরই রবিবার রাত থেকে একের পর এক বিভিন্ন থানায় বিকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই প্রসঙ্গেই এ দিন মন্তব্য করেন।
