Anubrata Mondal: ‘আমাকে দেখলে তো পরীক্ষার মুডটা নষ্ট হয়ে যাবে, তাই…’ পরীক্ষার্থীদের গোলাপ দিয়ে আর কী বললেন কেষ্ট?
Madhyamik Exam: তবে শুধু অনুব্রত নয়, অনেক জনপ্রতিনিধিকেই এদিন রাজ্যের নানা প্রান্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা জানাতে দেখা যায়। মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন ৯৩ ওয়ার্ডে কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে পরীক্ষা শহরের একাধিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের শুভকামনা জানানো হয়। ছিলেন বিধায়ক ও মেয়র পারিষদ শ্রী দেবাশীষ কুমার।

বোলপুর: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষার্থীদের শুভকামনা জানাতে মাঠে নেমে পড়লেন অনুব্রত মণ্ডল। সোমবার পরীক্ষা শেষে বোলপুর হাইস্কুল ছাত্রীদের হাতে গোলাপ ফুল, পেন এবং একটি করে চারাগাছ তুলে দিয়ে পরীক্ষার জন্য শুভকামনা জানালেন। সাংবাদিকদের মুখোমুখিও হলেন। বললেন, “আসলে সকাল ১০টার সময় আসার কথা ছিল। কিন্তু ওরা তো ওই সময় পরীক্ষার মুডে আসছে। কিন্তু আমাকে দেখলে তো পরীক্ষার মুডটা নষ্ট হয়ে যাবে। তাই দুপুরে এলাম। স্কুলের শিক্ষকরাই পুরো বিষয়ের আয়োজন করেছিলেন।” পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বললেন, “ওদের মনোবল বাড়াতেই এই চেষ্টা। ওদের পরীক্ষা ভাল হোক এটাই চাইব।”
অন্যদিকে শুধু মাধ্যমিক পরীক্ষা নয়, আরও একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিতে দেখা যায় কেষ্টকে। কেন্দ্রের বাজেটকে গোলগোল করে কটাক্ষ করে বলেন, “বাংলার মানুষকে কিছুই দেয়নি।” অন্যদিকে মমতার প্রশংসা করতে গিয়ে বিজেপির তুলোধনা করেন। এসআইআর নিয়ে মমতার পাশে দাঁড়িয়ে বলেন, “ওনার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলন করে সিপিএম তাড়িয়েছে। আন্দোলন কী করে করতে হয় উনি জানেন।”
তবে শুধু অনুব্রত নয়, অনেক জনপ্রতিনিধিকেই এদিন রাজ্যের নানা প্রান্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা জানাতে দেখা যায়। মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন ৯৩ ওয়ার্ডে কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে পরীক্ষা শহরের একাধিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের শুভকামনা জানানো হয়। ছিলেন বিধায়ক ও মেয়র পারিষদ শ্রী দেবাশীষ কুমার। সোমবার সকাল সাড়ে ৯টায় যোধপুর পার্ক বয়েজ স্কুল গেটে পরীক্ষার্থীদের মাঙ্গলিক সম্বর্ধনা দিয়ে শুভ কামনা জানান বিধায়ক। পরে পর্যায়ক্রমে কাটজুনগর ও যাদবপুর গার্লস স্কুলের গেটে পরীক্ষার্থীদের গোলাপ ফুল, পেন, পানীয় জলের বোতল এবং চন্দনের ফোঁটা দিয়ে শুভ কামনা জানানো হয়।
