Paresh Chandra Adhikari: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল কন্যার নাম, পরেশকে টিকিট দিল TMC

West Bengal assembly election: বাম আমলে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন পরেশচন্দ্র অধিকারী। মন্ত্রীও ছিলেন। ২০১৯ সালে যোগ দেন তৃণমূলে। ২০২১ সালে কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভায় তৃণমূলের প্রার্থী হন তিনি। এই কেন্দ্র থেকেই ফরওয়ার্ড ব্লকের টিকিটে একাধিকবার জিতেছিলেন।

Paresh Chandra Adhikari: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল কন্যার নাম, পরেশকে টিকিট দিল TMC
পরেশচন্দ্র অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 17, 2026 | 4:56 PM

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর কন্যার নাম জড়ানোয় বিতর্ক বেধেছিল। চাকরিও যায় তাঁর মেয়ের। তবে ছাব্বিশের নির্বাচনে তাঁর উপরই ভরসা রাখল তৃণমূল কংগ্রেস। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক পরেশচন্দ্র অধিকারীই প্রার্থী হচ্ছেন। মঙ্গলবার কালীঘাট থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বাম আমলে ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন পরেশচন্দ্র অধিকারী। মন্ত্রীও ছিলেন। ২০১৯ সালে যোগ দেন তৃণমূলে। ২০২১ সালে কোচবিহারের মেখলিগঞ্জ বিধানসভায় তৃণমূলের প্রার্থী হন তিনি। এই কেন্দ্র থেকেই ফরওয়ার্ড ব্লকের টিকিটে একাধিকবার জিতেছিলেন। একুশের নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হন। ২০২১ সালের ১০ মে শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী হন। ২০২২ সালের ৩ অগস্ট পর্যন্ত প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

২০২২ সালেই তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জড়ায়। মেধা তালিকায় জালিয়াতি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে। ২০২২ সালে হাইকোর্টের নির্দেশে তাঁর চাকরি বাতিল হয়। এবং তাঁকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত।

ছাব্বিশের নির্বাচনে পরেশচন্দ্র অধিকারী টিকিট পাবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল। তবে কয়েকদিন আগে দেখা যায়, এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে ২৪ ঘণ্টার অনশনে বসেন মেখলিগঞ্জের বিধায়ক। সেইসময় বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন। ভোটের টিকিট নিয়ে সেইসময় কিছু বলেননি তিনি। এদিন দেখা গেল, মেখলিগঞ্জে ভোট বৈতরণী পেরতে সেই পরেশচন্দ্র অধিকারীর উপরই আস্থা রাখল তৃণমূল। দ্বিতীয়বার তৃণমূলের টিকিটে তিনি জিততে পারেন কি না, সেটাই এখন দেখার। ফলের জন্য অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত।

Follow Us