Robbery: ‘চোরে না শোনে ধর্মের বাণী…’, চোরের ভয়ে রাত জেগে পাহারা এলাকাবাসীর, সকালেই ঘটল সেই বিপদ!
Banarhat Theft Incident: বাসিন্দাদের বক্তব্য, রাতের অন্ধকারে পাড়ায় পাড়ায় টহল দেওয়া, রাস্তার মোড়ে পুলিশি পিকেটিং এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব পুলিশের। অথচ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে নিজেদের বাড়িঘর ও সম্পত্তি রক্ষা করতে সাধারণ মানুষকেই রাত জেগে পাহারা দিতে হচ্ছে।

ধুপগুড়ি: রাত হলেই আতঙ্ক। এই বুঝি চোর এল। এই চোর আবার ধর্ম নিরপেক্ষ। মন্দির, মসজিদ, গির্জা- কিছুই ছাড়ে না। বাড়িতে চুরির পাশাপাশি মন্দির, মসজিদ, গির্জায় চুরি হচ্ছিল। পুলিশে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বিশেষ। পুলিশের উপরে আস্থা হারিয়ে রাত জেগে গ্রাম পাহারায় বসলেন বাসিন্দারা। তবুও থামছে না চুরির দৌরাত্ম্য!
একের পর এক মন্দির, মসজিদ, গির্জা ও বাড়িতে চুরি। চোর গ্রেফতারের পরেও দিনদুপুরে চুরি হয়। ফের সুভাষপল্লিতে বাড়ির তালা ভেঙে আলমারি তছনছ করল চোরের দল! সঙ্গীকে ধরতেই কি পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিন-দুপুরে চুরি করল চোর?
মন্দির, মসজিদ, গির্জা থেকে শুরু করে বাড়ি কিংবা দোকানঘর, চোরেদের দৌরাত্ম্যে রাতের ঘুম উড়েছে ডুয়ার্সের বানারহাট ব্লকের গয়েরকাটার বাসিন্দাদের। একের পর এক চুরির ঘটনায় পুলিশের উপর কার্যত আস্থা হারিয়ে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন এলাকার বাসিন্দারা। রাত জেগে পাড়ায় পাড়ায় পাহারা দিচ্ছেন যুবকরা। কারও হাতে লাঠি, কারও হাতে বাঁশ। গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলছে টহলদারি। বিভিন্ন পাড়ার মোড়ে, বাড়ির সামনে, দোকানের আশপাশে এমনকী রাস্তাতেও দলবেঁধে নজরদারি চালাচ্ছেন তাঁরা। কিন্তু এত কিছুর পরেও থামানো যাচ্ছে না চুরির ঘটনা।
বাসিন্দাদের বক্তব্য, রাতের অন্ধকারে পাড়ায় পাড়ায় টহল দেওয়া, রাস্তার মোড়ে পুলিশি পিকেটিং এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব পুলিশের। অথচ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে নিজেদের বাড়িঘর ও সম্পত্তি রক্ষা করতে সাধারণ মানুষকেই রাত জেগে পাহারা দিতে হচ্ছে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত চলছে এই পাহারাদারি। পাড়ার মোড়ে মোড়ে চলছে পিকেটিং। উদ্দেশ্য একটাই, কোনওভাবেই যেন চোরেরা এলাকায় ঢুকে চুরি করতে না পারে।
এদিকে, ইতিমধ্যেই চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে বানারহাট থানার পুলিশ। তাদের দাবি, গয়েরকাটায় ঘটে যাওয়া চুরির একাধিক ঘটনার সঙ্গে ধৃতের যোগ রয়েছে। তবে একজন গ্রেফতার হলেও, স্বস্তিতে নেই বাসিন্দারা। তাঁদের আশঙ্কা, এই চুরির পিছনে রয়েছে একাধিক দুষ্কৃতী। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজেও একাধিক সন্দেহভাজনের উপস্থিতির ছবি সামনে এসেছে বলে দাবি স্থানীয়দের। ফলে চুরির মূল চক্রের বাকিরা এখনও অধরা বলেই মনে করছেন তাঁরা।
সবচেয়ে উদ্বেগের বিষয়, রাতের অন্ধকারে চুরির ঘটনায় একজন গ্রেফতার হওয়ার পরেও থামেনি দুষ্কৃতীদের দৌরাত্ম্য। বরং দিনদুপুরেই ফের চুরির ঘটনা ঘটে গয়েরকাটায়। একটি বাড়িতে ঢুকে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। তছনছ করে দেওয়া হয় ঘরের বিভিন্ন জিনিসপত্র। পুলিশের গ্রেফতারি অভিযানকেও যেন কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চোরেরা। এমনটাই মনে করছেন এলাকার বাসিন্দারা।
শনিবার ফের চুরির ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়াল গয়েরকাটার সুভাষপল্লি এলাকায়। এবার বাড়ির সামনের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে চারটি আলমারি তছনছ করল চোরের দল। শুধু তাই নয়, বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে দেওয়ার পাশাপাশি সিসিটিভির মনিটর ও হার্ড ডিস্ক-ও নিয়ে পালায় দুষ্কৃতীরা। বাড়ির মালিক গৌরাঙ্গ সরকার। তাঁর মেয়ে লাবণী সরকার চাকরির সূত্রে জলপাইগুড়িতে থাকেন। সেই কারণে পরিবারের সদস্যরা মাঝেমধ্যে জলপাইগুড়িতে থাকেন।
শনিবার বাড়িতে ফিরে তাঁরা দেখেন, সামনের গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভিতরে ঢুকতেই নজরে আসে চারটি আলমারি ভাঙা এবং ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে মনিটর ও হার্ডডিস্কও নিয়ে গিয়েছে চোরেরা। পরিবারের তরফে জানা গিয়েছে, মূল্যবান সোনার গয়না ব্যাঙ্কের লকারে রাখা থাকায়, সেগুলি চুরি যায়নি। ঘটনার খবর পেয়ে বিন্নাগুড়ি আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চুরির পদ্ধতি এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত সোমবার গয়েরকাটার হনুমান মন্দিরের তালা ভেঙে চুরির চেষ্টা করে দুষ্কৃতীরা। মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। সেখানে দেখা যায়, মুখ ঢেকে এক ব্যক্তি তালা ভেঙে মন্দিরের ভিতরে ঢুকছে। বাইরে ধারালো ছুরি হাতে দাঁড়িয়ে রয়েছে আরও এক ব্যক্তি। এছাড়াও সুভাষপল্লির রটন্তী কালী মন্দির, পূর্ব গয়েরকাটার মন্দির এবং এলাকার একটি গির্জাতেও চুরির ঘটনা ঘটেছে। একের পর এক ধর্মীয় প্রতিষ্ঠান ও বসতবাড়িতে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত বাসিন্দারা।
এই পরিস্থিতিতে গয়েরকাটার ব্যবসায়ীরাও এলাকায় একটি পুলিশ ফাঁড়ি তৈরি এবং কড়া পুলিশি নজরদারির দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, দিনের পর দিন চুরির ঘটনা ঘটলেও স্থায়ীভাবে নিরাপত্তার ব্যবস্থা না হওয়ায় আতঙ্কের মধ্যে ব্যবসা করতে হচ্ছে।
অন্যদিকে পুলিশের প্রাথমিক অনুমান, চুরির ঘটনায় জড়িতরা বাইরের এলাকার বাসিন্দা হতে পারে। তবে তাদের সঙ্গে স্থানীয় দুষ্কৃতীদের যোগসাজশ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সেই সূত্র ধরেই বিভিন্ন এলাকায় নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, একজন গ্রেফতীর হওয়ার পরেও কেন থামছে না চুরির ঘটনা? কবে ধরা পড়বে চুরির সঙ্গে জড়িত বাকি অভিযুক্তরা?
