Padma Bridge Clash: পদ্মা সেতুর মুখে রক্তক্ষয়ী সংঘর্ষ! আওয়ামী লীগ-বিএনপির সংঘাতে মৃত যুব লীগ কর্মী, গুলিবিদ্ধ আরও দুই
Bangladesh Update: গতকাল রাত থেকেই উত্তেজনা ছিল। আজ ভোরে জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অবরোধের কারণে সকাল ছ'টা থেকে ন'টা পর্যন্ত ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।

ঢাকা: বাংলাদেশে অশান্তি থামার নাম নেই, বরং ক্রমেই তা বেড়ে চলেছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এবার রক্তক্ষয়ী সংঘর্ষ পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে এক যুবলীগ কর্মীর। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।
রবিবার সকালে জাজিরার নাওডোবা ও বিকেনগর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা ছড়ায়। পরে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষ চলাকালীন গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে অভিযোগ।
গতকাল রাত থেকেই উত্তেজনা ছিল। আজ ভোরে জমাদ্দার মোড়ে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অবরোধের কারণে সকাল ছ’টা থেকে ন’টা পর্যন্ত ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল। অবরোধ চলাকালীনই ককটেল বিস্ফোরণ হয়। মোটরসাইকেল ও একটি রেস্তোরাঁয় আগুন দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তারপরই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষেই যুব লীগের কর্মীর নিহত হন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
নিহত যুবলীগ কর্মীর নাম ইব্রাহিম সিপাহী। বয়স ৩৪ বছর। সোনামুখী এলাকায় তাঁর বাড়ি। সংঘর্ষের পর এলাকায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একাধিক মোটরসাইকেল এবং দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।
উত্তপ্ত পরিস্থিতির জেরে পদ্মা সেতু ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক সংঘাত যে ক্রমশ নতুন মাত্রা নিচ্ছে, পদ্মা সেতুর এই সংঘর্ষ ফের সেই ইঙ্গিতই দিল।
