Koshi Express Fire Panic: ‘ট্রেনে আগুন লেগেছে’, চরম আতঙ্ক, শুনেই প্রাণভয়ে জানালা দিয়ে ঝাঁপ যাত্রীদের
Indian Railways: যাত্রীরা জানিয়েছেন, ট্রেনটি যখন পটনা সাহিব স্টেশনে ঢুকছিল, তখন আচমকাই ট্রেনের ফায়ার অ্য়ালার্ম বাজতে শুরু করে। যাত্রীরা মনে করেন যে ট্রেনে আগুন লেগেছে। আগুনের খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়।

পটনা: ট্রেনে আগুন আতঙ্ক। প্রাণভয়ে ট্রেনের জানালা দিয়েই লাফ যাত্রীদের। চরম আতঙ্ক ছড়াল কোশী এক্সপ্রেসে। শনিবার হাতিয়া-পূর্ণিয়া কোর্ট কোশী এক্সপ্রেসে আগুন লাগার গুজবকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আহত হয়েছেন কয়েকজন যাত্রী।
জানা গিয়েছে, শনিবার বিকেলের দিকে ১৮৬২৬ হাতিয়া–পূর্ণিয়া কোর্ট কোশি এক্সপ্রেসে আগুন লাগার গুজবকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায়। গুলজারবাগ ও পটনা সাহিব স্টেশনের মধ্যবর্তী অংশে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
যাত্রীরা জানিয়েছেন, ট্রেনটি যখন পটনা সাহিব স্টেশনে ঢুকছিল, তখন আচমকাই ট্রেনের ফায়ার অ্য়ালার্ম বাজতে শুরু করে। যাত্রীরা মনে করেন যে ট্রেনে আগুন লেগেছে। আগুনের খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। ট্রেনের দরজায় ভিড় হয়ে যাওয়ায়, আতঙ্কিত যাত্রীরা প্রাণ বাঁচাতে ট্রেনের জানালা ভেঙে, সেখান দিয়ে ঝাঁপ দিতে শুরু করেন। এই ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন বলে খবর।
তবে ট্রেনে সত্যিই আগুন লেগেছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আগুন লাগার গুজব বলে মনে করা হচ্ছে। সেই থেকেই তৈরি হয় আতঙ্ক। কীভাবে এই গুজব ছড়াল, কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব-মধ্য রেলওয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি উঠেছে। আহত যাত্রীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা এবং রেলের তরফে যাত্রী নিরাপত্তা আরও জোরদার করার দাবিও জানানো হয়েছে।
