BJP: ‘পরিবর্তন হলেই শিল্প’, ফের একবার প্রতিশ্রুতির ইঞ্জিনে স্টার্ট দিয়ে ছুটল বিজেপির বাইক মিছিল
Singur: বিজেপি যুব মোর্চা হুগলি সাংগঠনিক জেলার উদ্যোগেই আয়োজিত হয় এই বাইক মিছিল। সিঙ্গুরের বৈঁচিপোতা গ্ৰাম পঞ্চায়েতের রাজার বাথান এলাকা থেকে শুরু হয়ে গোটা সিঙ্গুর বিধানসভা এলাকা পরিক্রমা করে দিয়াড়া স্টেশন সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয় মিছিল।

সিঙ্গুর: ভোটের আগে পরিবর্তন যাত্রায় একেবারে কোমর বেঁধে নেমেছে বিজেপি। এদিন ৯ জেলা থেকে বের হল মিছিল। দিকে দিকে দেখা গেল বাইক মিছিল। তবে শুরুতেই নিউটাউনে বিজেপির বাইক মিছিল আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিও হয় বিজেপির যুব মোর্চার কর্মীদের। অন্যদিকে বারুইপুরেও বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার বাইক মিছিলেন পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এরইমধ্যে বাইক মিছিল হল সিঙ্গুরেও। পরিবর্তনের মাধ্যমে সিঙ্গুরে শিল্প হবে, কর্মসংস্থান হবে, এই দাবিকে সামনে রেখে সিঙ্গুরে আয়োজিত হল বিজেপির বাইক মিছিল। সারা বছর দেখা যায় না, ভোট এসেছে বলে বিজেপিকে রাস্তায় দেখা যাচ্ছে, পাল্টা তৃণমূলকে এই ভাষাতেই আক্রামণ করতে দেখা গেল তৃণমূল নেতাদের।
বিজেপি যুব মোর্চা হুগলি সাংগঠনিক জেলার উদ্যোগেই আয়োজিত হয় এই বাইক মিছিল। সিঙ্গুরের বৈঁচিপোতা গ্ৰাম পঞ্চায়েতের রাজার বাথান এলাকা থেকে শুরু হয়ে গোটা সিঙ্গুর বিধানসভা এলাকা পরিক্রমা করে দিয়াড়া স্টেশন সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয় মিছিল।
বিজেপি রাজ্য কমিটির এক্সিকিউটিভ সদস্য মধুসূদন দাস সুর চড়ান তৃণমূলের বিরুদ্ধে। বলেন, “সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে পরিবর্তন আসন্ন। সিঙ্গুরের শিল্প না হওয়ায় সিঙ্গুরবাসীর স্বপ্ন পূরণ হয়নি। রাজ্যে পরিবর্তন হলেই সিঙ্গুরে শিল্প হবে। কর্মসংস্থান হবে।” পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সিঙ্গুর ব্লক সভাপতি আনন্দমোহন ঘোষ। তিনি বলছেন, “ভোট এলেই বিজেপি ময়দানে নেমে এসব করে, এটা ওদের গিমিক। কর্মসংস্থান রাজ্যে হচ্ছে। কিছু বলার নেই বলে এসব বলছে। তাছাড়া রাজ্য অনেক উন্নয়ন হচ্ছে, বিজেপি চোখে দেখতে পায় না, তাই রাজ্যের উন্নয়ন দেখতে পাচ্ছে না।”
