Hooghly: বাংলায় এসে বাঙালি অস্মিতা নিয়ে তৃণমূলকে নিশানা রেলমন্ত্রীর, কাটমানি নিয়েও দিলেন খোঁচা
Ashwini Vaishnaw: তৃণমূল বাংলার মানুষকে গরিব রাখতে চায় বলে অভিযোগ করেন অশ্বিনী বৈষ্ণব। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অশ্বিনী বৈষ্ণব বলেন, "একজন মহিলা মুখ্যমন্ত্রীর সময়ে এই রাজ্যে আরজি কর, কামদুনি, কসবা, হাঁসখালি হয়েছে।"

হুগলি: ভিনরাজ্যে বাংলায় কথা বলার জন্য হামলার অভিযোগ নিয়ে বিজেপিকে সর্বদা নিশানা করে তৃণমূল। বাংলা ভাষা ও বাঙালি অস্মিতার কথা বলে। সেই বাঙালি অস্মিতা নিয়েই এবার রাজ্যের শাসকদলকে নিশানা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার হুগলিতে বিজেপির পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করে তিনি বলেন, বাঙালি অস্মিতা বাঁচাতে তৃণমূলকে হারাতে হবে। কাটমানি ইস্যুতেও রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন রেলমন্ত্রী। লক্ষ্মীর ভান্ডার থেকেও তৃণমূল কাটমানি নেয় বলে তিনি অভিযোগ করেন।
রাজ্যজুড়ে বিজেপির পরিবর্তন যাত্রায় কেন্দ্রীয় মন্ত্রীরা যোগদান করছেন। তেমনই হুগলিতে পরিবর্তন যাত্রায় অংশ নিলেন রেলমন্ত্রী। হুগলিতে প্রথম দিনের পরিবর্তন যাত্রায় চাঁপদানির ব্রেথওয়েট রেলমাঠে হয় জনসভা। এখানেই রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেন অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “তৃণমূল সরকার বাঙালি অস্মিতাকে শেষ করছে। বাঙালি অস্মিতায় তার বিশ্বাস নেই। শুধু ভোটব্যাঙ্কের রাজনীতি করে।”
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে তৃণমূল নির্বাচনী প্রচারে সবসময় তুলে ধরে। সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকেও কাটমানি নেওয়ার অভিযোগ করলেন রেলমন্ত্রী। তিনি বলেন, “তৃণমূল লক্ষ্মীর ভান্ডার থেকেও কাটমানি নেয়। তাই এই কাটমানির সরকার, সিন্ডিকেটের সরকার কি আর চলতে দেওয়া দরকার?” বিজেপি কর্মী সমর্থকরা চিৎকার করে ‘না’ বলেন।
তৃণমূল বাংলার মানুষকে গরিব রাখতে চায় বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অশ্বিনী বৈষ্ণব বলেন, “একজন মহিলা মুখ্যমন্ত্রীর সময়ে এই রাজ্যে আরজি কর, কামদুনি, কসবা, হাঁসখালি হয়েছে।” সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাকে বাঁচাতে, বাঙালি অস্মিতাকে বাঁচাতে, যুবকদের বাঁচাতে এবার তৃণমূল সরকারকে উপড়ে ফেলুন। বিজেপির ডবল ইঞ্জিন সরকার আনুন।” শ্রীরামপুর স্টেশনের উন্নয়ন এবং আরও দুটো রেলগেটের উপর ব্রিজ তৈরি হবে ঘোষণা করেন রেলমন্ত্রী।
