Rekha Patra: রেখা পাত্রের মুখে ‘বুলডোজার’, দ্বিতীয় দফার আগেই বিতর্ক
BJP Leader: শেখ শাহজাহান-কাণ্ডের পর সন্দেশখালিতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেখান থেকেই উঠে আসেন রেখা পাত্র। লোকসভা নির্বাচনেও বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। আর এবার বিধানসভাত ভোটে লড়ছেন। বুলডোজার মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েও রেখা পাত্র নিজের বক্তব্যে অনড় থাকলেন।

হিঙ্গলগঞ্জ: বুলডোজার চালিয়ে রক্তাক্ত করার হুঁশিয়ারি শোনা গেল বিজেপি প্রার্থী রেখা পাত্রের মুখে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র। টিকিট পাওয়ার পর বিভিন্ন জায়গায় ভোটের প্রচার করছেন তিনি। সেই প্রচার করতে গিয়েই রেখার মুখে শোনা গেল ‘বুলডোজার’।
কী বলেছেন রেখা পাত্র?
হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় ভোটের প্রচারে গিয়ে জনসভায় রেখা বলেন, “আমরা বুলডোজার চালিয়ে রক্তাক্ত করব। কিন্তু সেই রক্ত বাইরে বেরবে না। আমরা এই তৃণমূল সরকারকে বুঝিয়ে দেব যে অঙ্গ-প্রত্যঙ্গ খুলে খুলে বিক্রি করে দেওয়ার সাজা কী হয়।”
মন্তব্যের ব্যাখ্যাও দিলেন রেখা?
শেখ শাহজাহান-কাণ্ডের পর সন্দেশখালিতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেখান থেকেই উঠে আসেন রেখা পাত্র। লোকসভা নির্বাচনেও বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি। আর এবার বিধানসভাত ভোটে লড়ছেন। বুলডোজার মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েও রেখা পাত্র নিজের বক্তব্যে অনড় থাকলেন, সুর আরও চড়িয়ে রেখা পাত্র বলেন, “যেভাবে অত্যাচার করছে, তাতে বুলডোজার চালাবে নারীবাহিনী। আর এই বুলডোজার মানে ঝাঁটা লাঠি নিয়ে বুলডোজার চালানো। সন্দেশখালিতে দেখেছেন? তেমনই বুলডোজার চলবে।”
সমালোচনা তৃণমূলের
এই মন্তব্য নিয়ে সরব হয়েছেন তৃণমূল। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সম্পাদক বুলবুল রহমান বলেন, “একজন বিধানসভার প্রার্থী এমন ধরনের কথা কীভাবে বলেন? আমরা অবাক হয়ে যাচ্ছি। মহিলাদের আমরা মায়ের মতো দেখি। তাদের মধ্যে কত নমনীয়তা থাকে। কিন্তু এখানে তার উল্টো দেখতে পাচ্ছি। একজন মহিলা জনপ্রতিনিধি হতে যাচ্ছে, তার মুখের ভাষা এরকম! শান্ত এলাকাকে কি তিনি অশান্ত করতে চাইছেন?”
