TMC Candidate Debangshu Bhattacharya: দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে দেবাংশু, হঠাৎ হল কী?
TMC workers protest against Debangshu Bhattacharya: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেবাংশু যে প্রচার করবেন তা আগে থেকেই নির্ধারিত ছিল। দলীয় কর্মীদের প্রথমে জানানো হয়েছিল, সকাল ৮টার সময় এলাকায় আসবেন দেবাংশু।

চুঁচুড়া: তেজ বাড়াচ্ছে রোদ। চড়েছে তাপমাত্রা। তীব্র দাবদাহের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে শেষে মেজাজ হারালেন তৃণমূল কর্মীরা। মঙ্গলবার চুঁচুড়ার দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে নিজ দলের কর্মীদেরই ক্ষোভের মুখে পড়লেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সূত্রের, মূলত সময়ের হেরফেরের কারণেই এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দেবাংশু যে প্রচার করবেন তা আগে থেকেই নির্ধারিত ছিল। দলীয় কর্মীদের প্রথমে জানানো হয়েছিল, সকাল ৮টার সময় এলাকায় আসবেন দেবাংশু। সেই অনুযায়ী বহু কর্মী-সমর্থক নির্দিষ্ট জায়গায় চলেও আসেন। পরে সেই সময় পরিবর্তন করে জানানো হয় প্রার্থী সকাল সাড়ে ৯টায় আসবেন। কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরেও দেবাংশু এলাকায় না পৌঁছানোয় কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে।
এদিকে সকাল থেকেই আকাশ থেকে আগুন ঝরছে। প্রখর রোদ আর অসহ্য গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে ধৈর্য হারান ঘাসফুল শিবিরের কর্মীরা। দীর্ঘ প্রতীক্ষার পর দেবাংশু ভট্টাচার্য যখন অনুষ্ঠানস্থলে পৌঁছান, তখন উত্তেজিত কর্মীরা তাঁকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠলে দলের কয়েকজন প্রবীণ কর্মীদের পাশাপাশি নেতারাও ক্ষুব্ধ কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। দেবাংশু নিজেও কর্মীদের পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সেখানে পৌঁছান। দেবাংশুকে সঙ্গে নিয়ে টোটো করে এলাকায় প্রচার শুরু করেন। যদিও প্রার্থী দলের কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়ায় তা নিয়ে রাজনৈতিক মহনে গুঞ্জন থামছে না।
