Hooghly: লাঠি নিয়ে মারতে গিয়েছিলেন! হঠাৎ হাসপাতালে হাজির হয়ে চমকে দিলেন সেই বিধায়ক
বছর দুয়েক আগে চুঁচুড়ার খাদিনার মোড়ে বিজেপি কর্মীদের লাঠি নিয়ে তেড়ে গিয়ে মারতে দেখা গিয়েছিল বিধায়ককে। বিজেপির সেই মিছিলে বাচ্চু বিশ্বাসও ছিলেন। সেই প্রসঙ্গে বিধায়ক বলেন, "বিনা কারণে আমাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল, তাই সেদিন আমি তেড়ে গিয়েছিলাম।"

হুগলি: হাসপাতালে ভর্তি বিজেপি নেতাকে দেখতে হঠাৎ হাজির তৃণমূল বিধায়ক। রাজনীতি নাকি সৌজন্য? ভোটের আগে উঠছে প্রশ্ন। বিজেপির দাবি নস্যাৎ করে বিধায়ক বলছেন, মানবিকতার খাতিরেই এই সাক্ষাৎ। একসময় রাস্তায় লাঠি নিয়ে তেড়ে যেতে দেখা গিয়েছিল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে। সেইসময় বিপক্ষে ছিলেন এই অসুস্থ বিজেপি নেতা।
হুগলির চুঁচুড়া মগরা ব্লকের কোদালিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তথা পঞ্চায়েতের বিরোধী দলনেতা বাচ্চু বিশ্বাস বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তাঁকে গত পরশু চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি নেতা।
আজ সেই খবর পেয়ে হঠাৎই চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বিজেপি নেতাকে দেখতে হাজির হন হাসপাতালে। তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। হাসপাতাল থেকে বেরনোর সময় বিধায়ক বলেন, “আমার বিধানসভা এলাকার বাসিন্দা বিজেপির ওই পঞ্চায়েত সদস্য। তিনি অসুস্থ শুনে আমি হাসপাতালে এসে তাঁকে দেখলাম। তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ। ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে কিডনিতেও সমস্যা রয়েছে। তাঁর যথাযথ চিকিৎসার জন্য চিকিৎসকদের বলেছি। পরিবারের সঙ্গেও কথা হয়েছে।”
বছর দুয়েক আগে চুঁচুড়ার খাদিনার মোড়ে বিজেপি কর্মীদের লাঠি নিয়ে তেড়ে গিয়ে মারতে দেখা গিয়েছিল বিধায়ককে। বিজেপির সেই মিছিলে বাচ্চু বিশ্বাসও ছিলেন। সেই প্রসঙ্গে বিধায়ক বলেন, “বিনা কারণে আমাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল, তাই সেদিন আমি তেড়ে গিয়েছিলাম। সবাই জানে।” বিজেপি সদস্যকে দেখতে আসায় কোনও রাজনীতি নেই, গোটাটাই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বলে দাবি করেন বিধায়ক।
যদিও বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় অভিযোগ করেন, বিধায়ক রাজনীতি করতে গিয়েছিলেন। বিজেপি নেতার স্ত্রী দাবি করেন তাঁর স্বামীর অসুস্থতার পর বিজেপির কোনও নেতা খোঁজ নেননি, পাশে এসে দাঁড়াননি। বিজেপি জেলা সভাপতি যদিও দাবি করেন, দলের পক্ষ থেকে যথাযথ সাহায্য করা হয়েছে। কল্যাণী এইমসে চিকিৎসার জন্য বলাও হয়েছিল, কিন্তু তাঁর পরিবারের তরফ থেকে বলা হয় ভেলোরে নিয়ে যাওয়া হবে। নির্বাচনের আগে আবেগে সুড়সুড়ি দিতে বিধায়ক হাসপাতালে গিয়েছিলেন বলে দাবি বিজেপির।
