Howrah: প্রত্যেকেরই ঘরের দরজার বাইরে রাখা জুতোর তাক! সকালে উঠে বুট-স্নিকার্সের দিকে চোখ পড়তেই শরীর ঠান্ডা হয়ে গেল ৪০টি ফ্ল্যাটের বাসিন্দার!
Howrah: সকাল হতেই ঘুম ভেঙে দরজা খুলতেই চক্ষু চড়কগাছ আবাসনের বাসিন্দাদের! কারও অফিস যাওয়ার প্রিয় জুতো নেই, তো কারও সদ্য কেনা দামি স্নিকার্স উধাও। এক এক করে খোঁজ নিতে গিয়ে দেখা গেল, ৪০টি ফ্ল্যাটের বাইরে থেকেই জুতো গায়েব হয়েছে।

হাওড়া: রাতের নিস্তব্ধতা তখনও কাটেনি। ঘড়ির কাঁটা ভোর চারটে ছুঁইছুঁই। শীতের হালকা আমেজে গভীর ঘুমে আচ্ছন্ন শিবপুরের হ্যাপি গার্ডেন হাউজিং সোসাইটির বাসিন্দারা। আবাসনের মূল গেটে তখনও পাহারায় রয়েছেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু তাঁদের চোখকে ফাঁকি দিয়ে উত্তর-পূর্ব দিকের পাঁচিল টপকে নিঃশব্দে আবাসনের ভিতরে ঢুকে পড়ল অজ্ঞাতপরিচয় চোরের দল।
সাধারণত এমন বহুতল আবাসনে চোরেরা ঢোকে সোনা-দানা, নগদ টাকা কিংবা দামি ইলেকট্রনিক সামগ্রীর লোভে। কিন্তু এই চোরের দলের লক্ষ্য ছিল একেবারেই আলাদা—এবং রীতিমতো অদ্ভুত!
ফ্ল্যাটের দরজা ভাঙার কোনও চেষ্টাই করল না তারা। বরং একের পর এক ফ্ল্যাটের দরজার বাইরে সাজিয়ে রাখা দামি ব্র্যান্ডেড জুতো ও চটির দিকেই নজর পড়ল তাদের। ভোর চারটে থেকে পাঁচটা—মাত্র এক ঘণ্টার ‘অপারেশন’। নিঃশব্দে ঘুরে ঘুরে আবাসনের প্রায় ৪০টি ফ্ল্যাটের বাইরে থেকে বাছাই করা দামি জুতো-চটি তুলে নিয়ে দু’টি বড় ব্যাগে ভরল তারা। তারপর যেভাবে পাঁচিল টপকে ঢুকেছিল, ঠিক সেভাবেই অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দিল।
সকাল হতেই ঘুম ভেঙে দরজা খুলতেই চক্ষু চড়কগাছ আবাসনের বাসিন্দাদের! কারও অফিস যাওয়ার প্রিয় জুতো নেই, তো কারও সদ্য কেনা দামি স্নিকার্স উধাও। এক এক করে খোঁজ নিতে গিয়ে দেখা গেল, ৪০টি ফ্ল্যাটের বাইরে থেকেই জুতো গায়েব হয়েছে। বাসিন্দাদের হিসেব অনুযায়ী, খোয়া যাওয়া এই সমস্ত জুতো ও চটির মোট বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা!
ঘটনায় হতবাক আবাসনের বাসিন্দারা তড়িঘড়ি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে বসেন। আর তাতেই ধরা পড়ে চোরের এই অভিনব কীর্তি—পাঁচিল টপকে ঢোকা থেকে শুরু করে ব্যাগ ভরে জুতো নিয়ে চম্পট দেওয়ার পুরো দৃশ্যই ধরা পড়েছে ক্যামেরায়।
এই অদ্ভুত চুরির ঘটনায় শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবাসনের বাসিন্দারা। তবে জুতো চুরির বিস্ময় কাটতে না কাটতেই আবাসনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, গত দুই মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার আবাসনে অনুপ্রবেশের ঘটনা ঘটল। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে বারবার পাঁচিল টপকে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে, তা নিয়ে উদ্বিগ্ন সকলেই। আপাতত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেই ‘জুতো-চোর’-এর খোঁজে তল্লাশি শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।
