Howrah News: অবসাদের জীবন, বৃদ্ধ বাবাকেও তো ফেলে চলে যাওয়া যায় না… যা করলেন ছেলে
Howrah: বছর ৭০-এর ব্যক্তির স্ত্রী মারা গিয়েছেন আগেই। ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। ছেলে কাজ করেন বেলুড়ের অম্বিকা জুটমিলে। স্থায়ী কর্মী তিনি। জানা গিয়েছে, ওই যুবকের প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। পরে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের আরেক যুবতীর সঙ্গে দেখেশুনেই বিয়ে হয়। সেই স্ত্রীও গত বছর পুজোয় বাপের বাড়িতে গিয়ে আর ফেরেননি বলে অভিযোগ।

হাওড়া: এক বৃদ্ধের মৃত্যুতে সামনে আসছে সাংঘাতিক অভিযোগ। ছেলে মানসিক অবসাদের জেরে বাবাকে মেরে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ উঠল। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পরিকল্পনা ছিল বেলুড়ের ওই যুবকের। তবে লিলুয়া স্টেশনে কর্তব্যরত জিআরপির তৎপরতায় চরম বিপদ থেকে রক্ষা করা যায় ওই যুবককে। আপাতত তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। বেলুড়ের রাজেন শেঠ লেনে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
বছর ৭০-এর ব্যক্তির স্ত্রী মারা গিয়েছেন আগেই। ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। ছেলে কাজ করেন বেলুড়ের অম্বিকা জুটমিলে। স্থায়ী কর্মী তিনি। জানা গিয়েছে, ওই যুবকের প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। পরে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের আরেক যুবতীর সঙ্গে দেখেশুনেই বিয়ে হয়। সেই স্ত্রীও গত বছর পুজোয় বাপের বাড়িতে গিয়ে আর ফেরেননি বলে অভিযোগ। সেই স্ত্রীকে ফেরাতে ওই যুবক চেষ্টাও করেন। কিন্তু স্ত্রী ফিরতে চান না বলে দাবি পরিবারের।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্যক্তিগত জীবন নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। এদিকে বাবা রয়েছেন বৃদ্ধ। তাঁকে ছেড়ে যাওয়াও সম্ভব নয়। তার জেরেই এমনটা করে থাকতে পারেন বলে অনুমান।
নিহত বৃদ্ধের জামাই বলেন, “বাজার থেকে ফেরার পথে দেখি জাহাজবাড়ির সামনে আমার স্ত্রী কাঁদতে কাঁদতে আসছে। বলছে, ভাই মেসেজ পাঠিয়েছে আমি চলে যাচ্ছি। টাকা পয়সা যা আছে নিয়ে নিস। তারপরই বাড়ি এসে দেখে বাবার সাড়া শব্দ নেই। ভাই নেই বাড়িতে।” বেলুড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
