Howrah hotels: হাওড়ার একের পর এক হোটেলে হানা দমকল-পুলিশের, কেন?
Howrah hotel fire safety crackdown: দমকল সূত্রে জানা গিয়েছে, যেসব হোটেলে পর্যাপ্ত ফায়ার সেফটি সিস্টেম নেই, তাদের দ্রুত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসও দেওয়া হয়েছে। নোটিস পাওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে সংশ্লিষ্ট হোটেল সাময়িকভাবে সিল করে দেওয়ার মতো কড়া বার্তা দেওয়া হয়েছে দমকলের তরফে।

হাওড়া: বীরভূমের তারাপীঠ এবং কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। হোটেলগুলি সুরক্ষাবিধি মানছে না বলে অভিযোগ। এই অবস্থায় কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। নিয়ম না মানলে হোটেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে হাওড়ার বিভিন্ন হোটেলে অগ্নিনিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ করল দমকল দফতর। হাওড়া শহরে প্রায় ৩৭টি হোটেলে দমকল আধিকারিকদের তরফে নোটিস ধরানো হয়েছে। ব্যবস্থা না নিলে হোটেলগুলি সিলের হুঁশিয়ারি দিয়েছে দমকল দফতর।
মঙ্গলবার দমকল ও পুলিশের আধিকারিকরা হাওড়া শহরের একের পর এক হোটেল, বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, তা দেখেন। কথা বললেন সেখানকার কর্মীদের সঙ্গে।
দমকল সূত্রে জানা গিয়েছে, যেসব হোটেলে পর্যাপ্ত ফায়ার সেফটি সিস্টেম নেই, তাদের দ্রুত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিসও দেওয়া হয়েছে। নোটিস পাওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে সংশ্লিষ্ট হোটেল সাময়িকভাবে সিল করে দেওয়ার মতো কড়া বার্তা দেওয়া হয়েছে দমকলের তরফে।
একের পর এক হোটেল পরিদর্শন নিয়ে ডিভিশনাল ফায়ার অফিসার অরিজিৎ দাস বলেন, “আমরা বিভিন্ন হোটেল পরিদর্শন করছি। দমকলের নিয়ম মানা হয়েছে কি না দেখছি। একাধিক নির্দেশিকা দেওয়া হচ্ছে হোটেলগুলিকে। ফায়ার সেফটি অ্যালার্ম যাতে ঠিকঠাক কাজ করে সেসব বলা হয়েছে।” নিয়ম না মানলে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে, সেকথা স্পষ্ট করে দেন তিনি।
কয়েকদিন আগে তারাপীঠে হোটেলে আগুন লেগে ৯ জন মারা যান। এরপর কলকাতার মির্জা গালিব স্ট্রিটেও একটি হোটেলের আগুন লেগে মৃত্যু হয় ৯ জনের। হোটেলগুলির বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসে। তারপর হাওড়া শহরের হোটেলগুলিতে এই অভিযান। অতীতে হাওড়া শহরেও একাধিক হোটেল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেকথা মাথায় রেখেই হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দমকল দফতরের এই তৎপরতা বলে জানা যাচ্ছে। আগামী দিনে আরও হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হবে।
