Howrah: বিস্তীর্ণ এলাকায় রাস্তার ওপর নর্দমার জল, হাওড়ায় জমছে ক্ষোভ
Howrah: খবর পেয়ে পুরসভার সাফাই বিভাগের কর্মীরা নিকাশি নালায় নেমে আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। সেই সময় নর্দমার ভিতর থেকে উদ্ধার হয় গাছের গুঁড়ি, কাঠের পাটাতন, ত্রিপল, কেবলের তার-সহ নানা সামগ্রী। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ওই নিকাশি নালা পরিষ্কার না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাওড়া: রাস্তায় জমে নর্দমার ময়লা জল। মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে দুর্ভোগ পরীক্ষার্থীদের। টোটো করে পরীক্ষা কেন্দ্রে ব্যবস্থা করল পুলিশ। হাওড়া পুরসভার চারটি ওয়ার্ডের মূল নিকাশি নর্দমার জল উপচে পড়ে বানভাসি হয়ে যায় মধ্য হাওড়ার ২৬, ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। দূষিত নর্দমার জল ঢুকে পড়ে একাধিক বাড়ির মধ্যে।সেই নোংরা জল মাড়িয়েই মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছতে হয় পরীক্ষা কেন্দ্রে। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়ার শিবপুর জিটি রোড সংলগ্ন ফজিরবাজার উমাচরণ বোস লেন,নরসিংহ বোস লেন সহ একাধিক এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুরসভার সাফাই বিভাগের কর্মীরা নিকাশি নালায় নেমে আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন। সেই সময় নর্দমার ভিতর থেকে উদ্ধার হয় গাছের গুঁড়ি, কাঠের পাটাতন, ত্রিপল, কেবলের তার-সহ নানা সামগ্রী। এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ওই নিকাশি নালা পরিষ্কার না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, মাধ্যমিক পরীক্ষার্থীদের বিড়ম্বনায় ফেলে রাজ্য সরকার ও পুরসভাকে হেয় প্রতিপন্ন করতেই বিরোধীরা পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে। তাঁদের অভিযোগ, রাতের অন্ধকারে গাছের গুঁড়ি, কাঠের পাটাতন ও কেবলের তার ইত্যাদি ফেলে নর্দমা আটকে দেওয়া হয়েছিল, যার ফলেই জল উপচে পড়ে গোটা এলাকা জলমগ্ন হয়ে যায়। সময়মতো পুরসভা ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত।
অন্যদিকে বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য সরাসরি হাওড়া পুরসভার কর্ম ব্যর্থতা এবং শাসকদলের নেতাদের দ্বারা বিজেপিকে বদনাম করার জন্যই এসব কথা বলা হচ্ছে বলে জানান। দীর্ঘদিন হাওড়া পুরসভায় পুরো নির্বাচন না হওয়ায় শুধু এই চারটি ওয়ার্ড না হাওড়া পুরসভার ৫০ টি ওয়ার্ড সহ বালি সর্বত্রই নাগরিক পরিষেবা সমস্যার সম্মুখীন হচ্ছে।
