Bengal BJP: পথে দেরি, বিজেপির রথযাত্রায় রুটে হল কাটছাঁট
Bengal BJP: পরিবর্তন যাত্রাকে সামনে রেখে এদিন সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রচার সামগ্রী নিয়ে সভাস্থল ও রাস্তায় উপস্থিত হন দলীয় কর্মী সমর্থকরা। ঢাকঢোল বাজিয়ে তারা উৎসবের আবহে পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানান। পরে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে রথকে কুশমনণ্ডির সভাস্থলে নিয়ে আসা হয়।

কুশমণ্ডি: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি বিধানসভা থেকে শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রা। এদিন দুপুর দু’টোয় পরিবর্তন যাত্রার রথ কুশমণ্ডিতে পৌঁছানোর কথা থাকলেও প্রায় তিন ঘণ্টা দেরিতে বিকেল পাঁচটা নাগাদ তা সেখানে এসে পৌঁছায়। পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং মালদা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা শঙ্কর চক্রবর্তী, পরিবর্তন যাত্রার দ্বায়িত্বে থাকা নীলাঞ্জন রায় ও জেলা নেতৃত্বরা। কুশমণ্ডিতে মুখা নাচের মাধ্যমে পরিবর্তন যাত্রাকে স্বাগত জানানো হয়। সেখানেই একটি স্বাগত সভা অনুষ্ঠিত হয়।
পরিবর্তন যাত্রাকে সামনে রেখে এদিন সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রচার সামগ্রী নিয়ে সভাস্থল ও রাস্তায় উপস্থিত হন দলীয় কর্মী সমর্থকরা। ঢাকঢোল বাজিয়ে তারা উৎসবের আবহে পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানান। পরে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে রথকে কুশমনণ্ডির সভাস্থলে নিয়ে আসা হয়। কুশমণ্ডির সভা শেষে পরিবর্তন যাত্রার রথ বুনিয়াদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। হরিরামপুর বিধানসভার অন্তর্গত বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে এদিন সন্ধ্যায় আরো একটি সভা অনুষ্ঠিত হয়।
দেরিতে আসায় যাত্রার রুটও কাটছাট করা হয়েছে। শনিবার গঙ্গারামপুর থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে। যা কুমারগঞ্জ, বালুরঘাট ও তপন বিধানসভা হয়ে মালদায় পৌঁছবে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে রুট জুড়ে পুলিশ মোতায়েন ছিল।
