Supplementary list: চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, এখনও পর্যন্ত কত নাম বাদ গেল?
SIR in Bengal: গত বছরের ৪ নভেম্বর থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছিল। এরপর গত বছরের ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেইসময় ৫৮ লক্ষের নাম বাদ যায়। এর গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেখানে আরও সাড়ে ৫ লক্ষের মতো নাম বাদ যায়।

কলকাতা: এবার থেকে প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা বের করা হবে। গতকালই জানিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো রবিবার কমিশন চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল। এদিন ২ লক্ষ বিবেচনাধীন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে কমিশন সূত্রে জানা গিয়েছে, বিবেচনাধীন ভোটারদের মধ্যে এখনও পর্যন্ত ১৮ লক্ষের নাম বাদ পড়েছে। সবমিলিয়ে নাম বাদ গিয়েছে ৮০ লক্ষের বেশি ভোটারের।
গত বছরের ৪ নভেম্বর থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছিল। এরপর গত বছরের ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেইসময় ৫৮ লক্ষের নাম বাদ যায়। এর গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেখানে আরও সাড়ে ৫ লক্ষের মতো নাম বাদ যায়।
চূড়ান্ত ভোটার তালিকায় ৬০ লক্ষের নাম বিবেচনাধীন তালিকা রয়েছে। কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে জুডিশিয়াল অফিসাররা বিবেচনাধীন ভোটারদের তথ্য খতিয়ে দেখছে। গত ২৩ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়। এরপর কাল পর্যন্ত আরও ২টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। আর গতকালই জানানো হয়, এবার থেকে প্রতিদিন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে।
সেইমতো এদিন চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে। চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকায় ২ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিবেচনাধীন তালিকায় থাকা ৪২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। আবার কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকায় ১৮ লক্ষের নাম বাদ গিয়েছে। অর্থাৎ খসড়া তালিকা থেকে ধরলে এখনও পর্যন্ত ৮১ লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। এখনও ১৮ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হওয়া বাকি। শেষপর্যন্ত কত নাম বাদ পড়বে, তা নিয়ে জল্পনা বাড়ছে।
তবে কমিশন জানিয়েছে, যাঁদের নাম বাদ পড়ছে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। জানা গিয়েছে, কলকাতাতেই ট্রাইবুনালের অফিস হচ্ছে। জেলা থেকে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য কলকাতা আসার প্রয়োজন নেই। কিন্তু ট্রাইবুনাল কবে কাজ শুরু করবে, স্পষ্ট করেনি হাইকোর্ট।
