Bally Assembly: ‘সরি…আমরা ক্ষমাপ্রার্থী’, টিকিট পাওয়ার পর বালির মানুষের হঠাৎ কীসের জন্য দুঃখপ্রকাশ তৃণমূলের কৈলাশের?
TMC Candidate: এরপর পুরসভা তড়িঘড়ি জঞ্জাল অপসারণের কাজ শুরু করে। কৈলাশ মিশ্র আশ্বাস দেন বালির সমস্যার সমাধান করবেন। বলেন, "ভোট চাইতে যাব না। আগে কাজ করব তারপর ভোট চাইব। বালির সমস্যাই হল জঞ্জাল। তাই আগে এখানকার জঞ্জাল পরিষ্কার করতে হবে। এখনও কিছু কিছু জায়গায় ড্রেনের জল আছে। সরি, আমরা ক্ষমাপ্রার্থী আর এই সমস্যা যেন না থাকে।"

বালি: বালি বিধানসভার বিদায়ী বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায়। বর্তমানে তাঁকে সেখান থেকে টিকিট দেয়নি তৃণমূল। এবার তৃণমূলের হয়ে লড়বেন কৈলাশ মিশ্র। তবে ভোটের প্রচারে এলেন না তিনি। বরং টিকিট পেয়ে প্রচার নয়, জঞ্জাল ও নিকাশি সমস্যার সামাধানে রাস্তায় নেমেছেন কৈলাশ। সংবাদ মাধ্যমের সামনে বললেন, “আগে কাজ করব, তারপর মানুষের কাছে ভোট চাইতে যাব।” এরপর বালিতে জল জমে থাকার জন্য বালির বাসিন্দাদের কাছে সরি বলেও দুঃখপ্রকাশ করেন তিনি।
হাওড়া এবং বালি পুরসভায় ভোট হয়নি দীর্ঘদিন। পুর পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ মানুষ।এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক রানা চট্টোপাধ্যায় একাধিক বার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েছিলেন। জল নিকাশী ও জঞ্জাল পরিষ্কারের সমস্যার সমাধানে বারবার রাস্তায় নেমে আন্দোলন করেছেন বাসিন্দারা। এবার এই কেন্দ্র থেকেই রানা চট্টোপাধ্যায়কে সরিয়ে শিবপুর কেন্দ্রে টিকিট দিয়েছে তৃণমূল। আর নতুন প্রার্থী করা হয়েছে কৈলাশ মিশ্রাকে।
হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতি কৈলাশ। প্রার্থী হওয়ার পর প্রচারের নামেননি তিনি। বালিকে জঞ্জাল মুক্ত করতে ও নিকাশীর সমস্যার সমাধানের আজ সকাল থেকে এলাকায় ঘুরে দেখেন। লিলুয়া এলাকায় গিয়ে বালি পুরসভার আধিকারিক ও সেচ দফতরের কর্মীদের ফোনে কার্যত ধমক দিয়ে বলেন, “অবিলম্বে সমস্যার সমাধান করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে বালির মানুষ যেন দুর্ভোগে না থাকে।” এরপর পুরসভা তড়িঘড়ি জঞ্জাল অপসারণের কাজ শুরু করে। কৈলাশ মিশ্র আশ্বাস দেন বালির সমস্যার সমাধান করবেন। বলেন, “ভোট চাইতে যাব না। আগে কাজ করব তারপর ভোট চাইব। বালির সমস্যাই হল জঞ্জাল। তাই আগে এখানকার জঞ্জাল পরিষ্কার করতে হবে। এখনও কিছু কিছু জায়গায় ড্রেনের জল আছে। সরি, আমরা ক্ষমাপ্রার্থী আর এই সমস্যা যেন না থাকে।”
