Durga Pujo: ‘প্যান্ডেলে লাগাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি’, পুজোর মধ্যেই বিধায়কের নিদানে বিতর্ক
Suvendu Adhikari:যদিও অনুষ্ঠান শেষে এই বিতর্ক তৈরি হতেই তিনি এটিকে তাঁর সম্পূর্ণ 'ব্যক্তিগত মত' বলে সাফাই দেওয়ার চেষ্টা করেন। তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী যেহেতু সবার জন্য ভাবেন। তাই এটা আমার ব্যক্তিগত মতামত। আমি বলেছিলাম, যাতে প্যান্ডেলে, কিংবা আশেপাশে মুখ্যমন্ত্রীর একটা ছবি লাগাতে।"

জলপাইগুড়ি: পুজোর মন্ডপগুলিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি লাগানোর আবেদন জানিয়ে বিতর্কে জড়ালেন রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার।জলপাইগুড়ির সরকারি অনুদানপ্রাপ্ত পুজো কমিটিগুলির হাতে অনুদানের চেক বিলি এবং পুজোর গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার মন্তব্য করেন যে, পুজো মন্ডপগুলোতে মুখ্যমন্ত্রীর ছবি রাখা উচিত।
যদিও অনুষ্ঠান শেষে এই বিতর্ক তৈরি হতেই তিনি এটিকে তাঁর সম্পূর্ণ ‘ব্যক্তিগত মত’ বলে সাফাই দেওয়ার চেষ্টা করেন। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী যেহেতু সবার জন্য ভাবেন। তাই এটা আমার ব্যক্তিগত মতামত। আমি বলেছিলাম, যাতে প্যান্ডেলে, কিংবা আশেপাশে মুখ্যমন্ত্রীর একটা ছবি লাগাতে।” তবে জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বিধায়কের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন।
বিজেপি বিধায়কের এই ধরনের মন্তব্যের পর বিরোধীরা গেরুয়া শিবিরকে একহাত নিয়েছে। বাম ও কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, পুজোর মতো একটি সার্বজনীন ও ধর্মীয় উৎসবেও রাজনৈতিক তোষামোদ করতে পিছপা হচ্ছে না বিজেপি। সাধারণ মানুষের আবেগ এবং উৎসবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টার কড়া সমালোচনা করেছে বিরোধী দলগুলি।
এই ইস্যুতে মমতা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রীর ছবিতে তাদের কোনও আপত্তি নেই। উল্লেখ্য, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে ইঙ্গিতবাহী পোস্ট করেছিলেন দিলীপ ঘোষ। সেই পোস্টে বলেছিলেন দুর্গাপুজো বাঙালির আবেগ ও ভক্তির উৎসব। রাজনীতির জায়গা নয়।
সিপিএম জেলা সম্পাদক পীযুষ মিশ্র বলেন, “বিজেপিতে আসলে তৃণমূলীকরণ চলছে। তৃণমূলের সব খারাপগুলো বিজেপিতে যাচ্ছে। ফলে তৃণমূলের যা খারাপ ছিল, তাও বিজেপিতে গিয়েছে।”
