Jalpaiguri News: জলপাইগুড়িতে শিক্ষক ‘নিগ্রহ’, স্কুল পরিদর্শনে গিয়ে বড় সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী দীপক বর্মণের
Dipak Barman on Jalpaiguri Headmaster Assault: শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলা স্কুলে পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। তাঁর সঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক থেকে শিক্ষাজগতের অনেকেই ছিলেন। স্কুল পরিদর্শনের পর তিনি ছাত্রদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। সমস্যার কথা জানেন। স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, অভিযুক্ত ছাত্র যাঁরা রয়েছেন, তাঁদের টিসি দেওয়া হল।

জলপাইগুড়ি: টিভি৯ বাংলার খবরের জের। জলপাইগুড়িতে প্রধান শিক্ষক (Jalpaiguri School News) নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ করল রাজ্য় সরকার। দিন কয়েক আগেই জলপাইগুড়ি জেলা স্কুলের একদল পড়ুয়ার হাতে রীতিমতো মার খেতে হয় প্রধান শিক্ষককে। এই ঘটনার পর শোরগোল পড়ে যায়। নবান্নের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় এই ঘটনা দুর্ভাগ্যজনক। তদন্তের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। সেই মতোই এদিন অভিযুক্ত পড়ুয়াদের টিসি দেওয়ার সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মণ (Dipak Barman)।
স্কুল পরিদর্শনে যান মন্ত্রী
শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলা স্কুলে পরিদর্শনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী । তাঁর সঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক থেকে শিক্ষাজগতের অনেকেই ছিলেন। স্কুল পরিদর্শনের পর তিনি ছাত্রদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। সমস্যার কথা জানেন। স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপক বর্মণ জানান, অভিযুক্ত ছাত্র যাঁরা রয়েছেন, তাঁদের টিসি দেওয়া হল। তবে পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, টিসি দেওয়া হলে পরবর্তী ক্ষেত্রে পড়াশোনা করতে সমস্যা হবে না। অন্য স্কুলেও যাতে তারা পড়তে পারে, সেই ব্যবস্থা রাখা হয়েছে।
কী বললেন স্কুল শিক্ষামন্ত্রী?
দীপক বর্মণ বলেন, “যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাটার ব্যপ্তি অনেক দূর। তাতে যে একটি বার্তা দেওয়া প্রয়োজন তা নিশ্চিত। তার সঙ্গে সঙ্গে তাদের ভবিষ্যত, মানসিকতা, বাকি সমস্ত বিষয়ে আলোচনায় উঠে এসেছে। সবাই মিলে যা আলোচনা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সেই ছাত্র কয়েকজনকে আমরা এই স্কুল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তারা অন্য বিদ্যালয়ে ভর্তি হতে পারবে।”
উল্লেখ্য, শিক্ষক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় জলপাইগুড়ি জেলা স্কুলে। খাওয়া-দাওয়ার আয়োজন নিয়েই মূলত ঝামেলার সূত্রপাত বলে জানা গিয়েছে। অভিযোগ, দশম শ্রেণির একদল পড়ুয়া প্রধান শিক্ষককে আক্রমণ করে। পড়ুয়াদের হাতে রীতিমতো মার খেতে হয় প্রধান শিক্ষককে। কপাল ফেটে যায়। ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় বয়ে যায় সর্বত্র।
