ATM: এটিএম-এর পিছনে একটা অদ্ভুত শব্দ, মেশিনের পিছনে তাকাতেই হাড়হিম হয়ে গেল সকলের
Jalpaiguri: খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন সংগঠনের সদস্যরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় চার ফুট লম্বা গোখরো সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে সেটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।

ধূপগুড়ি: পুজোর কেনাকাটার জন্য এটিএম (ATM) থেকে টাকা তুলতে গিয়ে হাড়হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হলেন গ্রাহকরা। ধূপগুড়ির একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএমের ভিতরে ফণা তুলে বসেছিল একটি বিশালাকার বিষধর গোখরো। সাপের ফোঁসফোঁস শব্দ শুনে পিছনে তাকাতেই সেটিকে দেখতে পান গ্রাহকরা। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার অর্গানাইজেশনের সদস্যরা এসে সাপটিকে উদ্ধার করেন।
জানা গিয়েছে, রবিবার দুপুরে কয়েকজন গ্রাহক ওই এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন। সেই সময় ভিতর থেকে ফোঁসফোঁস শব্দ শুনতে পান তাঁরা। এটিএমের পিছনে তাকাতেই চোখে পড়ে কুণ্ডলী পাকিয়ে ফণা তুলে বসে থাকা গোখরোটি। আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন গ্রাহকরা। এরপর খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারী সংগঠনকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন সংগঠনের সদস্যরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় চার ফুট লম্বা গোখরো সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে সেটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।
এটিএমের গ্রাহক সৈকত ভট্টাচার্য জানান, “টাকা তুলতে গিয়ে আচমকা ফোঁসফোঁস শব্দ শুনে পিছনে তাকাতেই বিশালাকার গোখরোটি দেখতে পাই। এরপর সংগঠনের সদস্যরা এসে সাপটিকে উদ্ধার করেন।” সংগঠনের সদস্য ভজন সাহা জানান, “সময় মতো সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তা না হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।” পুজোর মুখে এটিএমে গ্রাহকদের ভিড় বাড়ার সময় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও সাপটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফেরে এলাকায়।
