Dooars TMC Party Office: তৃণমূলের পতাকা খুলে গয়েরকাটার পার্টি অফিস ‘পুনর্দখল’ কংগ্রেসের
WB Assembly ELection 2026: জানা গিয়েছে, বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকায় তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে, তা আসলে কংগ্রেসের ছিল। কংগ্রেসের দাবি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই গয়েরকাটার ওই কার্যালয় দখল হয়ে যায়। তারপর থেকে দীর্ঘ সময় ধরে বন্ধই ছিল পার্টি অফিস। আজ সেই কার্যালয়ের তালা ভেঙে তা পুনরুদ্ধার করেন কংগ্রেস কর্মীরা।

ডুয়ার্স : ডোমকলের পর ডুয়ার্সের গয়েরকাটা। ফের তৃণমূলের পার্টি অফিস দখল। তবে, এবার সিপিএম নয়। পার্টি অফিস পুনর্দখল করল কংগ্রেস। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই পার্টি অফিস তৃণমূলের দখলে ছিল। তবে, আজ তা পুনরুদ্ধার করেছে কংগ্রেস। এদিকে, পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
জানা গিয়েছে, বানারহাট ব্লকের গয়েরকাটা এলাকায় তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে, তা আসলে কংগ্রেসের ছিল। কংগ্রেসের দাবি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই গয়েরকাটার ওই কার্যালয় দখল হয়ে যায়। তারপর থেকে দীর্ঘ সময় ধরে বন্ধই ছিল পার্টি অফিস। আজ সেই কার্যালয়ের তালা ভেঙে তা পুনরুদ্ধার করেন কংগ্রেস কর্মীরা। দলীয় পতাকাও উত্তোলন করা হয়। শুধু পার্টি অফিস পুনর্দখলই নয়, এদিন সেখানে একটি পথসভারও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মাদারিহাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী জয়প্রফুল্ল লাকড়া সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। তারা এই ঘটনাকে ‘সংগঠন পুনরুজ্জীবনের সূচনা’ হিসেবে উল্লেখ করেন।
এদিকে, পার্টি অফিস পুনর্দখলকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল নেতা রাজেশ কুমার সিং বলেন,”কারও কোনও অফিস তৃণমূল দখল করে না। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন এই গণতন্ত্র দেশে যে যেভাবে রাজনীতি করেন, করতে পারেন। এই নিয়ে কোনওরকম দখল করার নীতিকে তৃণমূল সমর্থন করে না। তৃণমূলের ঝান্ডা ছিল, থাকবে। বেদখল হওয়ার বিষয় নেই।” অন্যদিকে, কংগ্রেস প্রার্থী জয়প্রফুল্ল লাকড়ার দাবি, এটা কংগ্রেসরই দলীয় কার্যালয়।
উল্লেখ্য, কিছুদিন আগে হাওড়ার ডোমকলে দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনর্দখল করেছে। সেই ধারা অনুসরণ করেই এবার কংগ্রেসও একই পথে হাঁটল বলে মনে করছে রাজনৈতিক মহল। ভোটের মুখে এই ঘটনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
