Durga Puja 2026: চোরবাগানের পর ফের ভেঙে পড়ল আরও এক মণ্ডপ
Jhargram News: তবে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ো হাওয়া ও একটানা বৃষ্টির দাপট সামলাতে পারেনি মণ্ডপের কাঠামোটি। ঝড়ের তীব্রতায় বিশালাকার মণ্ডপটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার সময় প্যান্ডেলের আশপাশে দর্শনার্থীর ভিড় কম থাকায় বড় ধরনের কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ঝাড়গ্রাম: প্রবল বৃষ্টিতে চোরবাগানে ভেঙে পড়েছিল মণ্ডপের একাংশ। মৃত্যু হয় একাধিক দর্শনার্থীর। সেই ঘটনা নিয়ে হইচইয়ের মধ্যেই ফের মণ্ডপ ভেঙে পড়ার খবর আসল ঝাড়গ্রাম থেকে। ঝড় ও ভারী বৃষ্টির জেরে বড়সড় বিপত্তি ঘটল ঝাড়গ্রামের বিনপুরে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভেঙে পড়ল বিনপুর পল্লী ক্লাবের দুর্গাপূজার সুসজ্জিত মণ্ডপটি। চলতি বছর ৫৬তম বর্ষে পদার্পণ করেছে বিনপুর পল্লী ক্লাবের পুজো। এই বিশেষ বর্ষ উদযাপন উপলক্ষে পুণ্যতীর্থ দক্ষিণেশ্বর কালী মন্দিরের হুবহু আদলে তৈরি করা হয়েছিল তাদের সুবিশাল পূজা মণ্ডপ।
তবে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ো হাওয়া ও একটানা বৃষ্টির দাপট সামলাতে পারেনি মণ্ডপের কাঠামোটি। ঝড়ের তীব্রতায় বিশালাকার মণ্ডপটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার সময় প্যান্ডেলের আশপাশে দর্শনার্থীর ভিড় কম থাকায় বড় ধরনের কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
উৎসবের মুখে এমন অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগে মণ্ডপ ভেঙে পড়ায় উদ্যোক্তাদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। তবে পরিস্থিতি সামাল দিতে এবং উৎসবের আনন্দ বজায় রাখতে যুদ্ধকালীন তৎপরতায় প্যান্ডেলটি দ্রুত মেরামতের কাজ শুরু করেছেন পূজা কমিটির সদস্যরা।
