Dilip Ghosh: হঠাৎ আদালতে হাজিরা মন্ত্রী দিলীপ ঘোষের, কেন?
Dilip Ghosh Jhargram Court Case: ২০১৬ সালের ১০ ডিসেম্বর ঝাড়গ্রামে একটি রাজনৈতিক সভা করেছিলেন দিলীপ ঘোষ। সেই সময় তাঁর সভামঞ্চ থেকে দেওয়া বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে। তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি ছিল, তাঁর বক্তব্যে উস্কানিমূলক কথা ও বহু অসঙ্গতি ছিল।

ঝাড়গ্রাম: ২০১৬ সালের বিতর্কিত বক্তব্য ও সংঘাত সংক্রান্ত পুরনো মামলায় বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সহ অন্যান্য অভিযুক্তরা ঝাড়গ্রাম আদালতে হাজিরা দিলেন। ২০১৬ সালের ডিসেম্বরের সেই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আদালতে এই মামলার শুনানি প্রক্রিয়া চলছে।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ১০ ডিসেম্বর ঝাড়গ্রামে একটি রাজনৈতিক সভা করেছিলেন দিলীপ ঘোষ। সেই সময় তাঁর সভামঞ্চ থেকে দেওয়া বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক দানা বাঁধে। তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের দাবি ছিল, তাঁর বক্তব্যে উস্কানিমূলক কথা ও বহু অসঙ্গতি ছিল।
এই ঘটনার জল গড়ায় থানা পর্যন্ত। দিলীপ ঘোষের বক্তব্যের বিরোধিতায় সরব হয়ে তৃণমূল নেতা সুমন সাহু ঝাড়গ্রাম থানায় দিলীপ ঘোষ এবং তাঁর একাধিক সহযোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
কী কী ধারায় মামলা?
অভিযোগের ভিত্তিতে ঝাড়গ্রাম পুলিশ প্রশাসন ভারতীয় দণ্ডবিধির ৩৪১ (অন্যায়ভাবে পথ আটকানো), ৫০৫ (জনসাধারণের মধ্যে উস্কানি ছড়ানো), ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) এবং ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারার পাশাপাশি বেআইনি অস্ত্র আইনের (Arms Act) ২৫ ও ২৭ নম্বর ধারায় মামলা রুজু করে।
মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। এদিন হাজিরার দিল ছিল দিলীপের। বিচারক তাঁকে বেশ কিছু প্রশ্ন করেন বলে আদালত সূত্রে খবর। তার উত্তর দেন দিলীপ। পরবর্তী দিনে দিলীপের বক্তব্য শুনবে আদালত। আইনজীবী অর্চিষ্মান সিনহা বলেন, “বিচারক এদিন ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন। তার প্রেক্ষিতে এদিন শুনানি হয়। মূলত রাজনৈতিক উস্কানিমূলক কথা বলা, মারধর করার অভিযোগ ছিল। পরবর্তী দিন ধার্য করেছে আদালত।”
