Jhargram: ভোটের আগে ঝাড়গ্রামে শক্তি বাড়ল বিজেপির, বাঁশ কেটে রাখতে বললেন দিলীপ
BJP joining in Jhargram: তৃণমূলকে পাল্টা মারের হুঁশিয়ারি দিলেন দিলীপ। বললেন, "এতদিন অনেক মার খেয়েছি। পিঠে দাগ রয়েছে। শোধ নিতে হবে। ভোট যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য বাঁশ কেটে রাখো। সোজা নয়। টেরা-বেঁকা বাঁশ কেটে রাখো। যাতে গিয়ে হাড়ে লাগে।"

ঝাড়গ্রাম: ভোটের বাংলায় জোরকদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামে শক্তি বাড়ল বিজেপির। যুব তৃণমূল নেতা-সহ প্রায় ৫০০ জন সোমবার যোগ দিলেন পদ্মশিবিরে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা নিলেন তাঁরা। আর ওই সভা থেকেই হুঙ্কার দিলেন দিলীপ। কর্মীদের বাঁশ কেটে রাখতে বললেন।
এদিন গোপীবল্লভপুরের রান্টুয়া বাজারে নয়াগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী অমিয় কিস্কুর সমর্থনে পথসভা করেন দিলীপ। ওই পথসভায় তৃণমূলের তিন প্রাক্তন কর্মাধ্যক্ষ, যুব তৃণমূল নেতা-সহ প্রায় ৫০০ জন বিজেপিতে যোগ দেন। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে এদিন দিলীপ বলেন, এরকম যোগদান কর্মসূচি আরও করবেন তিনি।
ভোটগ্রহণের আগে দল পরিবর্তন করে বিজেপির পতাকা কেন হাতে তুলে নিলেন তৃণমূলের নেতা-কর্মীরা? বিজেপির পতাকা হাতে নিয়ে তৃণমূলের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ শক্তিপদ বারিক বলেন, তৃণমূলে ভালো লোকের স্থান নেই। তাই তাঁরা বিজেপিতে যোগদান করলেন।
এদিকে, এদিন ওই পথসভা থেকে তৃণমূলকে পাল্টা মারের হুঁশিয়ারি দিলেন দিলীপ। বললেন, “এতদিন অনেক মার খেয়েছি। পিঠে দাগ রয়েছে। শোধ নিতে হবে। ভোট যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য বাঁশ কেটে রাখো। সোজা নয়। ট্যারা-বাঁকা বাঁশ কেটে রাখো। যাতে গিয়ে হাড়ে লাগে।” নির্বাচন কমিশনও অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে একাধিক পদক্ষেপ করছে বলে তিনি মন্তব্য করেন। এসআইআর প্রক্রিয়ার প্রশংসা করে তিনি বলেন, “এসআইআরে দেখা গিয়েছে, কারও ১০০ পুত্র। কারও ২০০ পুত্র। এসআইআরে অবৈধ ভোটারদের নাম বাদ পড়ছে।”
তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকেও নিশানা করেন দিলীপ। বলেন, “গ্রামের মানুষের উন্নয়ন হয়নি। দিদির ভাইদের পাকা বাড়ি, গাড়ি হয়েছে।”
