Private School: তদন্তে শিক্ষা দফতর, শুরু অ্যাকশন, বন্ধ করা হল ৬৭ টি বেসরকারি স্কুল
Malda Latest news: একাংশ অভিভাবকের কথায়, এই সব স্কুলে বা সেই সব স্কুল সংলগ্ন অন্য নামি সরকারি স্কুলে ক্লাস ফাইভ থেকে ভর্তি হয়ে পড়ার সুযোগের জন্যে। কিন্তু সেখানেও একটা সমস্যা রয়েছে। কারণ, নিয়ম মতো নির্দিষ্ট সরকারি প্রাথমিক স্কুলের ৫০০ মিটার এলাকার মধ্যে বসবাসকারী শিশুরাই সেই স্কুলে ভর্তি হতে পারে অন্য এলাকার নয়।

মালদা: সাড়ে তিন হাজার স্কুল। এনওসি (NOC) রয়েছে মাত্র ১৫ টির। সরকারি অনুমোদন ছাড়াই এতদিন ধরে চলছিল রমরমিয়ে। গত ১০ বছরে ব্যাঙের ছাতার মতো মালদায় তৈরি হয়েছে অসংখ্য বেসরকারি প্রাথমিক স্কুল। গোটা রাজ্যের কোনও জেলায় এত বেসরকারি স্কুল তৈরি হয়নি বলে প্রাথমিকভাবে খবর। অনুমোদনহীন এত বেসরকারি স্কুলের সংখ্যা দেখে চোখ কপালে রাজ্য শিক্ষা দফতরের (Education Departmet)। কীভাবে তৈরি হচ্ছে এত স্কুল। বেআইনিভাবে অবাধে চলছেই বা কী করে? কোথা থেকে হচ্ছে ফান্ডিং? কী পড়ানো হচ্ছে, পাঠক্রম কী? এবার কোমড় বেঁধে তদন্তে নামল বিজেপি পরিচালিত রাজ্য সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে একসঙ্গে ৬৭ টি বেসরকারি প্রাথমিক স্কুলকে।
কোন কোন স্কুল বন্ধ হচ্ছে?
এর মধ্যে হরিশ্চন্দ্রপুর ১ চক্রেই ( সার্কেল) ১৫ টি বেসরকারি স্কুল। রতুয়া ১ চক্রে ১৩ টি স্কুল এবং কালিয়াচক ৩ চক্রে ৯ টি স্কুল, চাঁচল ১ চক্রে ৮ টি স্কুল ইংরেজবাজার পুর এলাকাতেই ৬ টি স্কুল। এছাড়াও বাকি চক্রের কিছু স্কুল। এইসব স্কুলে ইউডাইস কোড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে।
ইউডাইস কোড কী?
ইউ ডাইস কোড (UDISE Code) হল ভারতের প্রতিটি স্বীকৃত স্কুলের জন্য বরাদ্দকৃত একটি ১১-সংখ্যার বিশেষ পরিচয় নম্বর। যা শিক্ষা মন্ত্রকের অধীনে পরিচালিত।
তবে, পরিকাঠামো এবং ছাত্র ছাত্রী না থাকায় ২১ টি সরকারি প্রাথমিক স্কুলও বন্ধ করা হয়েছে। এইসব সরকারি স্কুলেরও ইউডাইস কোড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। সব মিলিয়ে গত ২০ নভেম্বর পর্যন্ত রিপোর্ট অনুযায়ী মালদা জেলায় বেসরকারি এবং সরকারি প্রাথমিক স্কুল মিলিয়ে ৮৮ টি স্কুলের ‘ইউডাইস কোড’ ডি অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে।
তবে বড় উদ্বেগ বাড়িয়েছে বেসরকারি প্রাথমিক স্কুলগুলি। শিক্ষা দফতর তদন্তে নেমে চক্ষু চড়কগাছ। মালদায় সাড়ে ৩ হাজার বেসরকারি প্রাথমিক স্কুল রয়েছে তার মধ্যে মেরেকেটে ১৫ টির সরকারি অনুমোদন তথা এনওসি আছে। বাকিদের অনুমোদনই নেই। যা নিজেরাই স্বীকার করে নিচ্ছে বেসরকারি প্রাথমিক স্কুল সংগঠনই। আর এখান থেকেই প্রশ্ন উঠেছে তবে এই বেসরকারি স্কুলগুলো চলছিল কী করে? এত তাড়াতাড়ি কিছু বছরেই এত স্কুল গড়ে উঠেছে কীভাবে ? ফান্ডিং কী বাইরে থেকে হচ্ছে? উল্লেখযোগ্য বিষয়, তদন্তে স্পষ্ট, বেসরকারি প্রায় সব প্রাথমিক স্কুলেই বহু ছাত্র ছাত্রী গোপনে সরকারি প্রাথমিক স্কুলেও সমান্তরালভাবে ভর্তি হয়ে রয়েছে। আসলে নামকাওয়াস্তে সরকারি স্কুলে নাম লেখা থাকলেও নিয়মিত ক্লাস কিন্তু বেসরকারি স্কুলেই। কিন্তু কেন?
একাংশ অভিভাবকের কথায়, এই সব স্কুলে বা সেই সব স্কুল সংলগ্ন অন্য নামি সরকারি স্কুলে ক্লাস ফাইভ থেকে ভর্তি হয়ে পড়ার সুযোগের জন্যে। কিন্তু সেখানেও একটা সমস্যা রয়েছে। কারণ, নিয়ম মতো নির্দিষ্ট সরকারি প্রাথমিক স্কুলের ৫০০ মিটার এলাকার মধ্যে বসবাসকারী শিশুরাই সেই স্কুলে ভর্তি হতে পারে অন্য এলাকার নয়। কিন্তু ৫০০ মিটার কেন কয়েক কিলোমিটার দূরে এমনকি অন্য ব্লক বা পঞ্চায়েত, পুরসভার বাসিন্দারাও নিজের ছেলে মেয়েদের সরকারি স্কুলে ভর্তি করাচ্ছেন। সেই পড়ুয়া মামা বা মাসির বাড়ি থাকে বলে। এই নিয়ে শিক্ষা দফতর কঠোর পদক্ষেপ নিয়েছে। বিষয়টি নজরে রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
বেসরকারি স্কুল কল্যাণ সমিতির সভাপতি দশরথ বর্মণ বলেন, “আজ থেকে দশ বছর আগে আড়াই হাজার স্কুল ছিল। আমরা যা তথ্য পেয়েছি তাতে সাড়ে তিন হাজারের কম নয়, বেশি স্কুল মালদহ জেলায় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঢালাও অনুমোদন দিয়েছিল। তবে দু’হাজারের পর যে স্কুল হয়েছে তা ইউডাইস কোড পায়নি।” বেসরকারি স্কুল সংগঠনের কার্যকরী সভাপতি সৌমেন সরকার বলেন, “৯০ শতাংশ স্কুল ২০১২ সালে NOC-র জন্য আবেদন করেছিল। সরকার ভিজিট করে। পরে সরকার অ্যাকটিভ করেনি। নতুন সরকার এখন পদক্ষেপ করছে।” মালদহ DPSC-র চেয়ারম্যান বিষ্ণপদ রায় বলেন, “নিশ্চিতভাবে এই স্কুল এখন গজায়নি। আগেই হয়েছে যা হাওয়ার হয়েছে। এই সরকার এসে পাপের প্রায়শ্চিত্ত করছে।”
